উপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী, সুরকার ও বাংলাদেশের গর্ব রুনা লায়লার জন্মদিন ১৭ নভেম্বর। কিন্তু এবারের জন্মদিনে তিনি দেশে থাকছেন না। তাই জন্মদিনকে ঘিরে এক অন্য রকম অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল গত শুক্রবার। অনুষ্ঠানে রুনা লায়লাকে শ্রদ্ধা-শুভেচ্ছা-ভালোবাসা জানাতে উপস্থিত হয়েছিলেন ধ্রুব মিউজিক স্টেশনের কর্ণধার ধ্রুব গুহ, সংগীতশিল্পী দিঠি আনোয়ার, কনা, সাব্বির, রাশেদ, ইউসুফ, লিজা, লুইপা, ঝিলিক, মুহিন খান, নন্দিত অভিনেতা আব্দুন নূর সজল, জনপ্রিয় দুই উপস্থাপিকা শান্তা জাহান ও রুহানী লাবণ্য। 

এ আয়োজনে উপস্থিত ব্যক্তিরা রুনা লায়লাকে জন্মদিনের আগাম শুভেচ্ছা জানিয়েছেন। আয়োজনটি নিয়ে তিনি বলেন, ‘আমি তোমাদের অনেক ভালোবাসি। তোমাদের সঙ্গে থাকতে, কথা বলতে, সময় কাটাতে আমার ভীষণ ভালো লাগে। আমার মনে হয়, তোমাদের সঙ্গে মিশলে আমি আমার নিজের সম্পর্কে আরো জানতে পারব। আর আমার জীবনের যা কিছু অর্জন, তা তোমাদের সঙ্গে শেয়ার করতেও ভালো লাগে। তোমরা সবসময়ই এমনি করে আমার পাশে থেকো।’ ১৯৬৪ সালে আনুষ্ঠানিকভাবে সংগীতশিল্পী হিসেবে আত্মপ্রকাশ করেন রুনা লায়লা।