বলিউডের ইতিহাসে এমন বছর হয়তো আর আসেনি। মহামারী যেমন ইন্ডাস্ট্রিকে দীর্ঘসময়ের জন্য থামিয়ে দিয়েছে, তেমনটা হয়তো আর কখনো হয়নি। তবে মহামারীর ক্ষতি ধীরে ধীরে কাটতে শুরু করেছে, কিন্তু এ বছর স্বাভাবিক আর অস্বাভাবিক মৃত্যুতে বলিউডের যে ক্ষতি হয়েছে তা কাটানো সহজ হবে না।

বছরের মাঝামাঝি মুম্বাইয়ে নিজের ফ্ল্যাটে মৃত অবস্থায় পাওয়া যায় তরুণ তারকা সুশান্ত সিং রাজপুতকে। সর্বশেষ ১২ নভেম্বর হিমাচল প্রদেশের ধর্মশালায় একটি প্রাইভেট কমপ্লেক্সে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে অভিনেতা আসিফ বসরার মরদেহ।

অভিনয়জীবনে আসিফ বড় তারকা ছিলেন না, কিন্তু তার অনেকগুলো স্মরণীয় চরিত্র আছে যা মনোযোগী দর্শকের মনে তার স্থায়ী আসন তৈরি করে দিয়েছে। পরিচালক ইমতিয়াজ আলীর জব উই মেট ছবিতে খুব ছোট একটি চরিত্র ছিল আসিফের, কিন্তু দর্শকরা তা ভোলেননি। নির্জন স্টেশনে কারিনা কাপুর অভিনীত গীত চরিত্রটিকে বিরক্ত করছিলেন আসিফ। ইমতিয়াজ আলী স্মৃতিচারণ করে বলেছেন, আসিফের সঙ্গে কাজ করাটা সহজ ছিল এবং তার মৃত্যু সত্যিই একটা বড় ক্ষতি।

জব উই মেট নির্মাণের সময় ইমতিয়াজ আলী এমন একজন অভিনেতাকে খুঁজছিলেন যিনি পরিচালকের কথা শতভাগ মেনে কাজ করতে পারবেন। আর চরিত্রটা হবে একই সঙ্গে ভয়ানক ও হাসির। আলী থিয়েটার থেকে আসিফকে চিনতেন। জব উই মেটের পর ইমতিয়াজ আলী ও আসিফ আর কোনো ছবিতে একসঙ্গে কাজ করেননি। তবে আসিফের নতুন কাজের খবর রাখতেন ইমতিয়াজ। তার মতে পর্দায় তার চরিত্রগুলোকে দর্শকরা মিস করবেন।

ওয়ানস আপন আ টাইম ইন মুম্বাই ছবিতে ইমরান হাশমির বাবার চরিত্রে ছিলেন আসিফ। ইকোনমিক টাইমসকে ইমরান বলেন, ‘আমি খুবই বেদনার্ত। এ বছর আমরা অনেক অভিনেতাকে হারালাম। কী এক শোকার্ত বছর!’

ইমরান স্মৃতিচারণ করে বলেন, আসিফ খুব ইতিবাচক মানসিকতার মানুষ ছিলেন। সবার সঙ্গে সহজেই মিশে যেতেন। ইমরান বলেন, “ওয়ানস আপন আ টাইম ইন মুম্বাই ছবির পর আমি টেক্সট মেসেজের মাধ্যমে আসিফের সঙ্গে যোগাযোগ রেখেছি। কয়েকবার দেখাও হয়েছে। আমি তার কাজের খবর রেখেছি সবসময়। তিনি খুব ভালো একজন অভিনেতা ছিলেন। ‘হিচকি’ ও ‘পাতাল লোক’-এ তার কাজ আমার খুব ভালো লেগেছে। ওয়ানস আপন আ টাইম ইন মুম্বাই ছবিতে ইয়ারি রোডে তার সঙ্গে আমার ও রণদীপ হুদার শটটা আমি কখনো ভুলব না। সেটা ছিল কারাগারের মধ্যে একটা দৃশ্য।”

হাসিখুশি আসিফ কেন নিজের জীবন কেড়ে নিলেন সেটা নিয়ে ইমরানও অন্ধকারে। তার কথায়, ‘আসলে কোনো বিষয়ে মানুষ কীভাবে প্রতিক্রিয়া দেখাবে এবং ঠিক কী ঘটেছে তা আপনি জানেন না। কোনো মানুষ সম্পর্কে আসলে আমরা সবকিছু জানতে পারি না, তা আপনি তার যত কাছের মানুষই হোন না কেন।’

অনুরাগ কাশ্যপের ব্ল্যাক ফ্রাইডে ছবির মাধ্যমে আসিফ বসরা পরিচালকদের নজরে আসেন। এরপর পারজানিয়া, ওয়ানস আপন আ টাইম ইন মুম্বাই, লামহা, কাই পো ছে!, কৃষ থ্রিসহ আরো অনেক ছবিতে কাজ করেছেন আসিফ। গত বৃহস্পতিবার তার মরদেহ উদ্ধার করা হয়। ভারতের পুলিশ জানিয়েছে, প্রাথমিক অবস্থায় এটা আত্মহত্যা মনে হলেও তারা আরো তদন্ত করে চূড়ান্ত সিদ্ধান্ত টানবে।

 

সূত্র: ই-টাইমস, বলিউড হাঙ্গামা