সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখার জন্য ১২ জন আলোকিত নারীকে ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল ও চ্যানেল টোয়েন্টি ফোরের যৌথ উদ্যোগে প্রগতির পথে নারী সম্মাননা প্রদান করা হয়েছে। শুক্রবার ছিল বিশ্ব নারী দিবস। এ দিনকে কেন্দ্র করে গত শনিবার ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল আয়োজন করে প্রগতির পথে নারী সম্মাননার। অভিনয়ে বিশেষ অবদানের জন্য এ সম্মাননা পেয়েছেন সাবিলা নূর। অনুষ্ঠানে সংসদ সদস্য ও হা-মীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এ কে আজাদ এবং শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জাকিয়া সুলতানা বিশিষ্ট নারীদের হাতে সম্মাননা তুলে দেন। 

সাবিলা নূর সম্মাননা গ্রহণ করা প্রসঙ্গে বলেন, ‘অনেক গুণী নারীদের মধ্যে আমাকেও প্রগতির পথে নারী সম্মাননায় ভূষিত করার বিষয়টি আমার জন্য ছিল অনেক বড় একটি ব্যাপার। আয়োজন ছিল খুব সুন্দর। বেশি ভালো লেগেছে, প্রতিটি সেক্টরের নারীদের সম্মান দেয়া হয়েছে। ধন্যবাদ বিশেষত ডা. আশীষ দাদাসহ এর নেপথ্যে যারা শ্রম দিয়েছেন, কষ্ট করেছেন। এ সম্মাননা আমাকে ভীষণভাবে অনুপ্রাণিত করেছে।’ ছোট পর্দার নিয়মিত মুখ সাবিলা নূর। ভিন্নধর্মী চরিত্রে দেখা মেলে তার। বেশকিছু নারীপ্রধান গল্পে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন তিনি।

অন্যদিকে নারী দিবস উপলক্ষে সম্প্রতি ইউটিউবে প্রকাশ হয়েছে সাবিলা নূর অভিনীত ‘বিদিশা’ নাটকটি। একেবারে ভিন্নভাবে এ নাটকে দেখা মিলেছে তার। নাটকটিতে অভিনয়ের জন্য প্রশংসাও পাচ্ছেন অভিনেত্রী। আর কিছুদিন পর ঈদ। এরই মধ্যে ঈদের কয়েকটি নাটকের শুটিং শেষ করেছেন তিনি। সাবিলা নূর জানান, শিগগিরই একটি ওয়েব সিরিজেও কাজ করার কথা রয়েছে তার।