আসছে টাইগার থ্রি। সিনেমাটি বরাবরের মতোই জয়ার চরিত্রে অভিনয় করছেন ক্যাটরিনা কাইফ। তার বিপরীতে থাকছেন সালমান খান। টিজার আসার আগে সিনেমার পোস্টার প্রকাশ হয়েছিল। এবার এসেছে ক্যাটরিনার ক্যারেক্টার পোস্টার। এতে অ্যাকশন অবতারে দেখা গেছে ক্যাটকে। একটি অ্যাকশন সিকোয়েন্সের মধ্যখানের দৃশ্য নিয়ে তৈরি করা হয়েছে পোস্টারটি। একটি দড়িতে ঝুলে গুলি করতে দেখা যায় ক্যাটকে। সিনেমাটি নিয়ে ক্যাটরিনা দারুণ উচ্ছ্বসিত। টাইগার থ্রির মধ্য দিয়ে ছয় বছর পর জয়া চরিত্রে ফিরছেন তিনি। পোস্টারটি ইনস্টাগ্রামে শেয়ার করে ক্যাটরিনা লেখেন, ‘আগুন নিয়ে আগুনের সঙ্গে খেলা, জয়া এমনই...।’ ছবিটিতে কমেন্ট করেছেন করণ জোহর। তিনি ‘ক্যাট’ লিখে সঙ্গে দিয়েছেন কয়েকটি ইমোজি।
জয়াকে নিয়ে কথা বলতে গিয়ে হিন্দুস্তান টাইমসকে ক্যাটরিনা বলেন, ‘জয়ার চরিত্রে অভিনয় করে আমি গর্বিত। এখন তো এটা যশরাজের স্পাই ইউনিভার্সেরই অংশ হয়ে গেল। জয়ার চরিত্রটি হিংস্র বা মরিয়া। আবার সে বিশ্বাসী, অন্যকে রক্ষা করে। এবার জয়া ফিরছে মানুষের জন্য। প্রতিবার সে মানুষের ভালোর জন্য কাজ করে। এবারো তার ব্যতিক্রম হবে না।’
জয়া হিসেবে ক্যাটরিনার যাত্রা হয় ২০১২ সালে। সে বছরই মুক্তি পেয়েছিল কবির খান পরিচালিত ‘এক থা টাইগার’। সিনেমায় ক্যাটরিনাকে একজন পাকিস্তানি গুপ্তচরের চরিত্রে দেখা গিয়েছিল। সঙ্গে ছিল সালমান খানের সঙ্গে রোমান্স। সময়টা তখন ভালো যাচ্ছিল সালমান, ক্যাটরিনা ও কবির খানের। সিনেমাটি হিট করে আর জয়া হয়ে ওঠে অনেকেরই আইকন। ২০১৭ সালে মুক্তি পাওয়া ‘টাইগার জিন্দা হ্যায়’ সিনেমায়ও তারই পুনরাবুত্তি হয়েছে। তৃতীয়বারের মতো জয়ার চরিত্রে দেখা যাবে ক্যাটকে এবং চরিত্রটি তিনি ধারণ করছেন এক দশকের বেশি সময় ধরে।
জয়া হয়ে ওঠা ও জয়াকে নিয়ে যাত্রা সম্পর্কে ক্যাট বলেন, ‘জয়া হিসেবে আমার এ যাত্রা অসাধারণ। এর মাধ্যমে যশরাজ ফিল্মসের সঙ্গেও দীর্ঘ পথচলা আমার। আর প্রতিটি সিনেমায় নিজেকে নতুন করে চ্যালেঞ্জ করার সুযোগ পেয়েছি।’ একজন অভিনেত্রী এ সুযোগটাই বারবার খোঁজেন। টাইগার থ্রিতেও নিজেকে নতুন করে উপস্থাপনের চেষ্টা করবেন তিনি। এ নিয়ে ক্যাট বলেন, ‘টাইগার থ্রি অন্য দুটো সিনেমার চেয়ে ভিন্ন নয়। তবে আমরা অ্যাকশন সিকোয়েন্সগুলোকে আরো এক ধাপ এগিয়ে নেয়ার চেষ্টা করেছি। শরীর যতটা সহ্য করতে পারে তার শেষ বিন্দুতেই গেছি। এটা আমার সক্ষমতার সর্বোচ্চ প্রমাণ।’
টাইগার থ্রি মুক্তিতে বাকি এক মাস। আগামী ১০ নভেম্বর মুক্তির অপেক্ষায় থাকা সিনেমাটি পরিচালনা করেছেন মনীশ শর্মা। এবারের সিনেমায় যুক্ত হয়েছেন ইমরান হাশমি। থাকবে শাহরুখ খানের ক্যামিও।
সূত্র: হিন্দুস্তান টাইমস










