আজ আন্তর্জাতিক নৃত্য দিবস। এই উপলক্ষে বিশেষ আয়োজন করেছে মাছরাঙা টেলিভিশন। রাত ৮টা ৩০ মিনিটে প্রচার হবে বিশেষ অনুষ্ঠান ‘মায়া বেঙ্গল ইন মোশন: নকশী কাঁথার মাঠ’।

আয়োজনটি বিশেষভাবে করা হয়েছিল পল্লীকবি জসীমউদদীনের ১২৩তম জন্মবার্ষিকী উপলক্ষে। ওই আয়োজনের সঙ্গে ছিল এম ডব্লিউ ম্যাগাজিন বাংলাদেশ ও স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের ন্যাচারাল ওয়েলনেস ব্র্যান্ড মায়া। তাদের যৌথ উদ্যোগে আয়োজন করা হয় এ অনুষ্ঠান।

পল্লীকবি জসীমউদদীনের জন্মবার্ষিকীকে কেন্দ্র করে সাজানো এ অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেন প্রখ্যাত শিল্পী শামীম আরা নীপা, শিবলী মোহাম্মদ এবং নৃত্যাঞ্চল। এ পরিবেশনার কিউরেটর আনিসুল ইসলাম হিরু।

সংগীত, নৃত্যকলা এবং আবেগঘন আখ্যানের সমন্বয়ে তারা বাংলার গ্রামীণ জীবনের সারল্য ও সৌন্দর্য্যরে মনোমুগ্ধকর রূপটি তুলে ধরেন। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন জেড আই ফয়সাল।