ইংরেজি নতুন বছর নিয়ে সবার নানা রকম পরিকল্পনা থাকে। নিজেদের মতো করে সবাই উদযাপন করেন। ২০২৪ সালও নিজের মতো শুরু করছেন তারকারা। তাদের মধ্যেই কয়েকজনের নতুন বছর নিয়ে এ আয়োজন।
জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী পূর্ণিমা। তিনি জানান, নিউ ইয়ার নিয়ে তার তেমন কোনো উচ্ছ্বাস নেই। অভিনেত্রী বলেন, ‘২০২৩ সালটা আমার জন্য সব মিলিয়ে বেশ ভালো ছিল। ব্যক্তিজীবন ও কর্মজীবন বেশ ভালো কেটেছে আমার। আশা করছি, ইংরেজি নতুন বছর ২০২৪-ও ভালো কাটবে ইনশাআল্লাহ। বছরের প্রথম দিনটি নিয়ে বিশেষ কোনো উচ্ছ্বাস নেই।’ তার মতে, নতুন বছর আসে নিজ নিয়মে। তবে তিনি সবার কাছে দোয়া চেয়ে বলেন, ‘কেউ থাকব বছরের পর বছর। কেউ চলে যাব, এটাই নিয়ম। শুধু দোয়া করি, আল্লাহ সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন।’
খুলনায় স্টেজ শো দিয়ে বছর শেষ করেছেন দিলশাদ নাহার কনা। তিনি বলেন, ‘একটা বর্ণাঢ্য বছর কাটালাম। আশা রাখছি, ২০২৪ সালটাও আরো বর্ণাঢ্য হবে, আনন্দময় হবে, সফলতার হবে।’ কনা তার বছর শুরু করবেন জমিয়ে রাখা কাজ দিয়ে। নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, ‘বছরের প্রথম দিন আমি একটি চলচ্চিত্রের গান ও দুটি আধুনিক গানে কণ্ঠ দেব। বাকি সময়টুকু আশা রাখছি পরিবারের সঙ্গে কাটাব। নতুন বছর সবারই ভালো কাটুক, সুন্দর কাটুক এটাই প্রত্যাশা।’
বছরের শুরুটা দুবাইয়ে কাটাচ্ছেন বিদ্যা সিনহা মিম। তিনি বলেন, ‘৪ জানুয়ারি আমাদের বিবাহ বার্ষিকী, এটি যথারীতি এখানেই উদযাপন করতে যাচ্ছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সবসময় সুস্থ থাকি ভালো থাকি। আর সবাইকে ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা।’
সংগীতশিল্পী মুহিন খান ব্যস্ত আছেন কিছু গান নিয়ে। তিনি বলেন, ‘গতকাল ছিল বছরের শেষ দিন। সে দিনটাও আমার স্টেজ শোয় কেটেছে। আর এ বছরের প্রথম দিনটাও স্টেজ শো দিয়েই শুরু হচ্ছে। এছাড়া তিনটি ইউটিউব চ্যানেলে আমার তিনটি গান প্রকাশ পেতে যাচ্ছে। এগুলো হচ্ছে ‘মনের মানুষ নাই’, ‘আছো কোথায়’ ও ‘রোজ বিকেল’। তিনটি গান নিয়েই আমার ভীষণ প্রত্যাশা। নতুন বছরের প্রথম দিনই তিনটি গান প্রকাশ পাচ্ছে। তাই নিজের ভেতর সত্যিই অন্য রকম ভালো লাগা কাজ করছে। সবাইকে ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা।’
চঞ্চল চৌধুরী সবসময়ই আলোচনায় থাকেন। তবে গত বছরের শুরুটা তার খুব একটা ভালো কাটেনি। তিনি বলেন, ‘গত বছরের শুরুটা ভীষণ মন খারাপের মধ্য দিয়ে কেটেছে। কারণ ২০২২-এর ২৭ ডিসেম্বর আমি আমার বাবাকে হারিয়েছি। তাই সবকিছুতে ঠিকঠাক মতো সেট হতে আমার একটু সময় লেগেছিল।’ তবে পরের বছর বেশ ভালোই কেটেছে। তিনি বলেন, ‘গেল বছর ভালোমন্দ সব মিলিয়ে বেশ ভালো কেটেছে। তবে প্রতিটি পদে বাবাকে মিস করেছি, খুব। এ বছরের প্রথম দিনটা আমার স্ত্রী, সন্তানের সঙ্গে কলকাতার মাটিতেই কাটবে। ফিরব দ্বিতীয় দিন।’ এসেই কাজ শুরু করবেন চঞ্চল। তিনি বলেন, ‘ফিরেই আশরাফুজ্জামানের সঙ্গে নতুন একটি সিনেমার স্ক্রিপ্ট নিয়ে বসার কথা। আরো অনেক পরিকল্পনা আছে। নতুন ইংরেজি বছর সবার ভালো কাটুক, এটাই প্রত্যাশা।’










