শাহরুখ খানের সদ্য মুক্তি পাওয়া ছবি ‘‌পাঠান’ পার করে ফেলেছে ২৬ দিন। ইন্ডিয়ান এক্সপ্রেসের খবর অনুযায়ী, রোববার (১৯ ফেব্রুয়ারি) পর্যন্ত কিং খানের ছবিটি আয় করেছে ৯৯২ কোটি রুপি। এ সপ্তাহের মধ্যেই ‘‌পাঠান’ এক হাজার কোটি রুপি আয়ের নতুন মাইলফলক ছোঁবে বলেও আশার কথা জানিয়েছে সংবাদমাধ্যমটি।  

শাহরুখ-দীপিকা জুটির ছবিটি এর আগে ভারতীয় বক্স অফিসে ৪২৮ কোটির বেশি আয় করে নতুন রেকর্ড গড়েছিল। তখন হিন্দি ছবি হিসেবে সবচেয়ে বেশি আয়কারী ছবির তালিকায় শীর্ষে উঠে আসে ‘পাঠান’ এর নাম।

‘‌পাঠান’ এর পরপরই গত শুক্রবার মুক্তি পেয়েছে কার্তিক আরিয়ানের ছবি  ‘শেহজাদা’। ছবি রোহিত ধাওয়ান পরিচালিত ছবিটি ছাড়াও বাজারে এসেছে মার্ভেলের ‘‌অ্যান্ট-ম্যান অ্যান্ড দ্য ওয়াস্প: কোয়ান্টুম্যানিয়া’। তবে এখন পর্যন্ত কোনোটিই ধারেকাছে পৌঁছাতে পারেনি ‘‌পাঠান’ এর।

ছোটখাটো বাধা সত্ত্বেও অবিশ্বাস্য গতিতে দর্শক মাতিয়ে চলছে ‘‌পাঠান’। দীর্ঘ চার বছর পর পর্দায় আসা শাহরুখের ছবিটি মহামারী পরবর্তী বলিউডের বাজারকে উজ্জীবিত করে তুলেছে। মহামারীর পর মুক্তি পাওয়া ‘‌ভুল ভুলাইয়া ২’ ও ‘‌দৃশ্যম ২’ ছাড়া আর কোনো ছবিই উল্লেখ করার মতো দর্শক টানতে পারেনি। সত্যি বলতে অক্ষয় কুমার ও আমির খানসহ বড় বড় তারকাদের মুক্তি পাওয়া ছবিগুলোও মার খেয়ে গিয়েছে।

এদিকে, এ বছর আসার কথা রয়েছে শাহরুখের আরো দুটি ছবি ‘‌অ্যাটলি’স জওয়ান’ ও রাজকুমার হিরানি পরিচালিত ‘‌ডানকি’। ছবিগুলো পাঠানের সফলতার ধারাবাহিকতা ধরে রাখতে পারে কিনা, তাই দেখার বিষয়।