নির্মাতা মাইক ফ্লানাগান এবং ট্রেভর ম্যাসি গত বছর স্টিফেন কিংয়ের উপন্যাস ‘ডক্টর স্লিপ’
নিয়ে চলচ্চিত্র নির্মাণ করেছিলেন। এবার তারা ওয়ার্নার ব্রোসের জন্য স্টিফেন কিংয়ের ২০১৪ সালের উপন্যাস ‘রিভাইভাল’
নিয়ে চলচ্চিত্র বানাতে চলেছেন। তাই বলাই যায় ‘রিভাইভাল’
এবার আক্ষরিক অর্থেই জীবন পেতে চলেছে!
ফ্লানাগান সিনেমাটিকে পরিচালনা করবেন, একই সঙ্গে তিনি চিত্রনাট্যও লিখছেন। ছবিটি প্রযোজনা করবে ফ্লানাগান এবং ম্যাসি জুটির প্রতিষ্ঠান ইন্ট্রিপিড পিকচার।
রিভাইভাল উপন্যাসটি একজন হেরোইন আসক্ত সংগীতশিল্পী এবং একজন সন্দেহজনক ওঝার সম্পর্ককে কেন্দ্র করে। ওঝা তার মৃত স্ত্রী এবং সন্তানের সঙ্গে যোগাযোগের উপায় খুঁজে পাওয়ার চেষ্টা করতে থাকে এবং একটি ভয়ানক অভিজ্ঞতার শিকার হয়।
‘দ্য ফল্ট ইন আওয়ার স্টারস’-এর নির্মাতা জশ বুন এর আগে রিভাইভাল নিয়ে কাজ করার চেষ্টা করেছিলেন।
স্টিফেন কিংয়ের ২০১৩ সালের ডক্টর স্লিপ নামক একটি উপন্যাস নিয়ে সিনেমা নির্মাণ করেছিলেন ফ্লানাগান ও ম্যাসি। উপন্যাসটির মতোই সিনেমাটির নামও ছিল ডক্টর স্লিপ এবং এটি ছিল হরর ক্ল্যাসিক দ্য শাইনিংয়ের সিক্যুয়াল। সিনেমাটি বক্স অফিসে খুব একটা সফলতা পায়নি। এটি বিশ্বব্যাপী মাত্র ৭২ মিলিয়ন ডলার অর্জন করেছিল, যার কারণে সিনেমাটির প্রিকোয়েল বা সিক্যুয়াল নির্মাণের আর কোনো আশাই ছিল না।
তবুও ফ্লানাগান ও ম্যাসি আবারো স্টিফেন কিংয়ের উপন্যাস নিয়েই সিনেমা বানাতে চলেছেন। রিভাইভাল হবে স্টিফেন কিংয়ের উপন্যাসের ওপর ভিত্তি করে তাদের নির্মিত তৃতীয় সিনেমা।
ইন্ট্রিপিড বর্তমানে ক্রিস্টোফার পাইকের ১৯৯৪ সালের টিন হরর উপন্যাস ‘দ্য মিডনাইট ক্লাব’-এর একটি রূপান্তর তৈরি করছে। এই প্রকল্পটি নেটফ্লিক্সে এ সপ্তাহে মুক্তি পাবে।
একবিংশ শতাব্দীর শুরুর দিকে কিংয়ের কাজগুলো একটু জনপ্রিয়তা হারালেও সাম্প্রতিক বছরগুলোতে তা আবারো বেড়েছে। ২০১৭ সালের ‘ইট’-এর ব্যাপক সাফল্য তারই উদাহরণ। কিংয়ের উপন্যাসগুলো সিনেমার জগতে নিজস্ব একটি জায়গা করে নিয়েছে।
সূত্র: হলিউড রিপোর্টার










