বাংলাদেশের মঞ্চ নাটকের অন্যতম পরিচিত মুখ ফেরদৌসী মজুমদার। মঞ্চ ছাড়াও তিনি টিভি নাটক ও সিনেমায় অনবদ্য। টিভি নাটক ও সিনেমায় তাকে এখন নিয়মিত অভিনয়ে না দেখা গেলেও মঞ্চে দেখা মেলে। সময় সুযোগ মিলে গেলেই তিনি মঞ্চনাটকে অভিনয় করেন। গত নভেম্বরে একটি নাটকে অভিনয় করেছিলেন। আর নতুন বছরে আজ প্রথমবার মঞ্চে উঠছেন ফেরদৌসী মজুমদার।

দেশের প্রধান প্রধান নাট্যদলের নাট্যকর্মীদের সম্মিলিত প্রয়াস আগন্তুক রেপার্টরি। এরই মধ্যে আগন্তুকের প্রথম প্রযোজনা ‘অন্ধকারে মিথেন’ ও দ্বিতীয় প্রযোজনা ‘ধলেশ্বরী অপেরা’ ব্যাপকভাবে দর্শকনন্দিত হয়েছে। আগন্তুক রেপার্টরির তৃতীয় প্রযোজনা ‘এক গুচ্ছ গল্প’তে রয়েছে ছয়টি অনুনাটক। সবক’টি নাটকের নাট্যকার তাহ্নীনা ইসলাম। তিনি দীর্ঘদিন থেকে মঞ্চের সঙ্গে যুক্ত থাকলেও এবারই প্রথম নাট্যকার হিসেবে আত্মপ্রকাশ করলেন। 

‘আগন্তুক নাট্য প্রযোজনা-৩’-এর এক গুচ্ছ গল্পর ধূসর নাটকে আজ অভিনয় করবেন তিনি। একই সময় আরো যে পাঁচটি নাটক মঞ্চস্থ হবে সেগুলো হচ্ছে ‘পরিচয়’, ‘স্বজাতি’, ‘‌লুকোচুরি’, ‘সময়’ ও ‘নির্ভয়’। 

মঞ্চে দুটি করে নাটকের নির্দেশনা দিয়েছেন দেশের তরুণ প্রতিভাবান তিন নাট্য নির্দেশক ও অভিনয়শিল্পী আজাদ আবুল কালাম, ত্রপা মজুমদার ও পান্থ শাহ্‌রিয়ার।

আজ বিকাল ৫টা ৩০ মিনিটে ও সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে দুটি পর্বে একগুচ্ছ গল্প মঞ্চস্থ হবে রাজধানীর বেইলি রোডের বাংলাদেশ মহিলা সমিতির ‘নীলিমা ইব্রাহিম’ মিলনায়তনে। বিষয়টি নিশ্চিত করেছেন ফেরদৌসী মজুমদারের মেয়ে অভিনেত্রী ও নির্দেশক ত্রপা মজুমদার। পান্থ শাহ্‌রিয়ার নির্দেশিত নাটক ধূসর নাটকে ফেরদৌসী মজুমদার ছাড়াও আরো আছেন জাহাঙ্গীর আলম ও গুলশান আরা মুন্নী। মঞ্চে অভিনয় প্রসঙ্গে ফেরদৌসী বলেন, ‘মঞ্চের প্রতি আমার অন্য রকম ভালো লাগা, এটা কিন্তু সবসময়ই আমি বলে এসেছি। মঞ্চই আমার সত্যিকারের ভালোবাসা। মঞ্চ কখনই ছাড়িনি। মঞ্চের সঙ্গে কখনো আপস করিনি। অনেক কাজ ছেড়েছি মঞ্চের জন্য। সবার আগে মঞ্চকে প্রাধান্য দিয়েছি। এখনো তাই। এটা আমার কমিটমেন্ট, মঞ্চ সবার আগে। আর কিছু করি, না করি—মঞ্চে কাজ করবই। একগুচ্ছ গল্পর ধূসরে অভিনয় করছি। এজন্য ১০ ও ১১ জানুয়ারি আমি সময়মতো রিহার্সেলেও অংশ নিয়েছি। ভালো লাগে মঞ্চে দাঁড়াতে, অভিনয় করতে। অন্য রকম অনুপ্রেরণা পাই, দর্শক এখনো আমার অভিনয় দেখতে হলে আসে। দর্শকের প্রতি কৃতজ্ঞতা, ভালোবাসা রইল। সেই সঙ্গে একগুচ্ছ গল্পর সঙ্গে সম্পৃক্ত সবার প্রতি দোয়া, ভালোবাসা।’

এর আগে গত নভেম্বরে ত্রপা মজুমদারেরই নির্দেশনায় ফেরদৌসী মজুমদার ‘থিয়েটার’-এর নতুন নাটক ‘লাভ লেটারস’-এ অভিনয় করেন। 

অন্যদিকে একগুচ্ছ গল্পতে পান্থ শাহ্‌রিয়ার আরো নির্দেশনা দিয়েছেন ‘সময়’ নাটকে। এতে অভিনয় করেছেন আজাদ আবুল কালাম ও অপি করিম।

ত্রপা মজুমদার নির্দেশিত দুটি নাটক ‘পরিচয়’ ও ‘লুকোচুরি’ নাটকে অভিনয় করেছেন যথাক্রমে আহাম্মেদ গিয়াস, তাহ্নীনা ইসলাম ও গুলশান আরা মুন্নী এবং আজাদ আবুল কালাম, তামান্না ইসলাম, পলাশ হেন্ড্রি সেন। 

আজাদ আবুল কালাম নির্দেশিত ‘স্বজাতি’ ও ‘নির্ভর’ নাটকে অভিনয় করেছেন যথাক্রমে পান্থ শাহ্‌রিয়ার ও জাহাঙ্গীর আলম, অপি করিম ও শতাব্দী ওয়াদুদ।