ব্যান্ড দল ‘চিরকুট’ ২০০২ সালে প্রতিষ্ঠিত হয়েছিল। শ্রোতা জনপ্রিয় একাধিক গানকে পুঁজি করে দুই দশক পার করতে যাচ্ছে দলটি। দেশ ও দেশের বাইরেও সমানভাবে দর্শকের ভালোবাসা পেয়েছে তারা। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকেই যাত্রা ব্যান্ড দলটির। আগামীকাল ২০ বছর পূর্ণ করবে চিরকুট। এ উপলক্ষে ওই দিন সন্ধ্যা ৬টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিমনেশিয়াম মাঠে কনসার্ট করতে যাচ্ছে দলটি। ‘টিএসসি টু ম্যাডিসন স্কয়ার গার্ডেন’ শিরোনামের এ কনসার্টের টিকিট মূল্য ৫০০ টাকা।

কনসার্টটি নিয়ে চিরকুটের প্রধান শারমিন সুলতানা সুমি বলেন, ‘‌এই পথচলাতেই আমাদের আনন্দ। গানে গানে ২০ বছর পার করেছে চিরকুট। এত সাফল্য, অর্জন এসেছে কেবলই শ্রোতাদের জন্য। এ শ্রোতারা আমাদের কাছে শক্তি, প্রেরণা। তাদের সঙ্গে ২০ বছর পূর্তির মুহূর্তটা ভাগ করে নিতেই কনসার্টে গাইব।’ 

চিরকুটের সঙ্গে এ কনসার্টে অতিথি হিসেবে পারফর্ম করছে জনপ্রিয় বাংলা ব্যান্ড ক্রিপটিক ফেইট, অ্যাশেজ, বাংলা ফাইভ, কাঁকতাল ও বাঙ্গু বিবি। সেইসঙ্গে পারফর্ম করবে ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যান্ড সোসাইটির দুর্গ, কোলস্ল ও ইনট্রয়েড। বিশেষ অতিথি হিসেবে থাকছেন ব্যান্ড সংগীতের জীবন্ত কিংবদন্তি মাকসুদুল হক (ঢাকা), ফুয়াদ নাসের বাবু (ফিডব্যাক), নকীব খান (রেনেসাঁ), ব্যান্ড মাইলস ও জনপ্রিয় তারকা জয়া আহসান। সংগীতের এ মহোৎসবে থাকছে আরো নানা আয়োজন।

বাংলা গানকে আন্তর্জাতিক অঙ্গনে নিয়ে গিয়েছে দলটি। গত বছর বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর উদযাপনে আয়োজিত ‘গোল্ডেন জুবিলি বাংলাদেশ’ কনসার্টে কিংবদন্তি ব্যান্ড ‘স্করপিয়ন্স’-এর সঙ্গে একই মঞ্চে পারফর্ম করে চিরকুট। ফোক থেকে রক, ক্ল্যাসিক্যাল থেকে দেশের গান কিংবা চলচ্চিত্র সব জায়গায়ই শ্রোতাদের ভালোবাসা পেয়েছে চিরকুট। আহারে জীবন, কানামাছি, জাদুর শহর, দুনিয়া, এই শহরের কাকটাও জেনে গেছে কিংবা খাজনার মতো একাধিক জনপ্রিয় গান রয়েছে এ ব্যান্ড দলের ঝুলিতে। 

বর্তমানে চিরকুট ব্যান্ডের লাইনআপ: শারমিন সুলতানা সুমি (ভোকাল), পাভেল আরিন (ড্রামস), ইমন চৌধুরী (গিটার, ব্যাঞ্জো, মান্ডোলিন), দিদার হাসান (বেজ), জাহিদ হাসান নিরব (কি বোর্ড, হারমোনিয়াম)।