নতুন প্রজন্মের কাছে বাংলা সংগীতকে নতুন রূপে উপস্থাপনের প্রত্যয় নিয়ে আত্মপ্রকাশ করেছে ‘টাইম জোন লিভিং রুম সেশন’। ইউটিউবে প্রকাশ হয়েছে এ সংগীত উদ্যোগের প্রথম সিজনের দ্বিতীয় গানটি। সাধক কবি জালাল উদ্দিন খাঁর ‘আমায় যত দুঃখ দিলি বন্ধুরে’ গানটি প্রকাশ হয়েছে গত ২৯ ফেব্রুয়ারি। পাভেল আরিনের সংগীত পরিচালনায় এতে কণ্ঠ দিয়েছেন কবি রাজ্জাক দেওয়ানের উত্তরসূরি শিল্পী কাজল দেওয়ান।
গানটি প্রসঙ্গে কাজল দেওয়ান বলেন, ‘সাধক কবি জালাল উদ্দিন খাঁ অনেক ধরনের গান লিখেছেন। সুফিবাদের ওপরও তার অনেক গান লেখা আছে। কিছু গান আমরা মঞ্চেও গেয়েছি। কিন্তু এবার যে গান গেয়েছি, তা সত্যিই অন্য মাত্রার গান। কেন অন্য মাত্রার, তা না শুনলে বোঝা যাবে না। এমন আয়োজনে গাইতে পেরে খুবই ভালো লেগেছে। মন থেকে গানটা গেয়েছি।’
পাভেল আরিন বলেন, ‘গানটির কথায় আমি দারুণভাবে আলোড়িত হয়েছি। জীবন দিয়ে অনুভব করেছি, তাই এটি বেছে নেয়া। শিল্পী কাজল দেওয়ান যখন গান করেন, তখন তিনি এত প্রাণবন্ত এত সততার সঙ্গে সুর উচ্চারণ করেন, যে কারণে তার সঙ্গে গানটি নিয়ে কাজ করতে আগ্রহী হয়েছি। তার অন্যতম শক্তির জায়গা তিনি গানে টান দিয়ে একটানা দীর্ঘক্ষণ ধরে রাখতে পারেন। এমন ক্ষমতা বাংলা গানে দুষ্প্রাপ্য। এ গানেও তার একটি নমুনা শ্রোতারা পাবেন।’
পাভেল জানান, গানের ‘অরিজিনালিটি’ রক্ষা করে এ ধরনের কালজয়ী গানগুলোর শ্রতিমধুর নতুন রেকর্ডেড ভার্সন তৈরির লক্ষ্যেই কাজ করছে টাইম জোন লিভিং রুম সেশন। ভালোবাসা দিবসে রবীন্দ্রনাথের ‘ভালোবেসে সখী’ গানটির দারুণ শ্রোতাপ্রিয়তা অর্জনের পর এবার এল জালাল খাঁর গানটি। নিয়মিত বিরতিতেই নতুন নতুন চমক নিয়ে প্রথম সিজনের গানগুলো প্রকাশ হতে থাকবে।










