এককালের আলোচিত অভিনেতা জ্যাকি শ্রফ বহু বছর ধরেই বলিউডের পরিচিত নাম। এখনো নিয়মিত অভিনয় করছেন। সর্বশেষ সালমান খানের রাধে ছবিতেও দেখা গেছে তাকে। তার দুই ছেলেমেয়েও প্রতিষ্ঠিত—পুত্র টাইগার শ্রফ বলিউডের অভিনেতা এবং মেয়ে কৃষ্ণা শ্রফ উদ্যোক্তা।

সম্প্রতি এক সাক্ষাত্কারে জ্যাকি শ্রফ তার দেউলিয়া হয়ে যাওয়া এবং বাড়ি হারানোর বিষয়ে কথা বলেছেন। আরো জানিয়েছেন সেই বাড়ি কীভাবে পুত্র টাইগার শ্রফ আবার ফিরিয়ে এনেছেন। এ নিয়ে ছেলে টাইগারের অনেক প্রশংসাও করেন পিতা জ্যাকি।

নিজের খারাপ অর্থিক অবস্থার দিনগুলো স্মরণ করে বলিউড বাবলকে দেয়া এক সাক্ষাত্কারে জ্যাকি শ্রফ বলেছেন, ‘আমরা কিছুর জন্য চেষ্টা করেছিলাম এবং অনেক কিছু হারিয়েছি। আমি যতটা সম্ভব পরিশ্রম করেছি এবং সবার দেনা শোধ করে দিয়েছি যেন আমার পরিবারের নাম খারাপ না হয়। দিনে তখন ১২-১৪ ঘণ্টা পরিশ্রম করেছি। ব্যবসায় ভালো-খারাপ সময় থাকেই। সবসময় ভালো থাকব এমনটা হওয়া জরুরি না। বরং জরুরি হচ্ছে নিজের নৈতিকতা ও বিবেচনাবোধ টিকিয়ে রাখা।’

এরপর জ্যাকি বলেছেন তার সন্তানদের কথা, ‘দুই সন্তানকে নিয়ে আমি গর্বিত। তারা আমাদের বাড়ি ফিরিয়ে এনেছে। অবশ্য আমার স্ত্রী এটা চায়নি। তার কথায় যা গেছে তা গেছেই, সেটাকে আর ফিরিয়ে আনার প্রয়োজন নেই। কিন্তু টাইগার তার মা ও পরিবারের জন্য বাড়িটা ফিরিয়ে এনেছে। আমি এমন ছেলেমেয়ে পেয়ে গর্বিত। আমি কিছু না চাইতেও তারা আমাকে অনেক আনন্দের উপলক্ষ উপহার দিয়েছে। তারা খুবই দায়িত্ববান এবং সহজ-সরল। কারো প্রতি তাদের কোনো বিদ্বেষ নেই।’

 

সূত্র: বলিউড বাবল