এমএলএম প্রতারণার শিকার তিন তারকা। তাদের জীবনে ঘটে যাওয়া গল্পকে নিয়ে ফরহাদ আহমেদ নির্মাণ করেছেন ক্রাইম থ্রিলার ওয়েব ফিল্ম ক্রিমিনালস। ওয়েব ফিল্মটিতে অভিনয় করেছেন তানজিকা আমিন, চমক, নীল হুরের জাহান, আবু হুরায়রা তানভীর, ইরফান সাজ্জাদ, শাহরিয়ার রানা।‘‌আলফা আই স্টুডিও লি.’-এর ব্যানারে নির্মিত হয়েছে ওয়েব ফিল্মটি। নারী দিবস উপলক্ষে এটি ওটিটি প্লাটফর্ম দীপ্ত প্লেতে মুক্তির পর পাচ্ছে দর্শকের প্রশংসা। 

ক্রিমিনালস ওয়েব ফিল্ম প্রসঙ্গে নির্মাতা ফরহাদ আহমেদ বলেন, ‘আমরা কয়েকদিন পরপর দেখি জালিয়াত চক্র সাধারণ মানুষকে বোকা বানিয়ে তাদের কষ্টের টাকা লুটপাট করে চলে যায়। সহজভাবে এটা বলা যায়, কয়েকদিন পর পরই এমন ঘটনা আমরা দেখছি। তাই বলা যায়, এ বিষয়ে মানুষজনের মাঝে সচেতনতার অভাব আছে। এ রকম একটি প্রতারণার ঘটনা থেকেই ক্রিমিনালের গল্প তৈরি হয়েছে। সাধারণ তিনজন নারীর একসঙ্গে হওয়া ও সে প্রতারণার টাকা ফিরে পাওয়ার সংগ্রামই দেখানোর চেষ্টা করা হয়েছে। এ ফিল্মটা অনেকটা ডার্ক কমেডিও বলা যায়। সবাই অনেক ভালো করেছে আর দর্শকের কাছ থেকে ইতিবাচক সাড়া পাচ্ছি।’

ওয়েব ফিল্মটির গল্প নিয়ে নির্মাতা জানান, বিশ্ববিদ্যালয়ের ছাত্রী চুমকি আক্তার, সাধারণ গৃহিণী নীলা বোস আর কর্মজীবী মা বীথি রহমান শহরের তিন প্রান্তের তিন বয়সী নারী একত্র হয়েছে একটি অভিন্ন লক্ষ্য অর্জন করতে। যে লক্ষ্য অর্জন করতে তাদের ভাঙতে হবে আইন, হতে হবে ক্রিমিনাল। চুমকি, নীলা আর বীথির পথ সহজ নয়। ব্যক্তি জীবনের সমস্যা একদিকে যেমন আঁকড়ে ধরেছে তাদের বর্তমান পদক্ষেপ, তেমনি লক্ষ্য অর্জিত না হলে তাদের ভবিষ্যৎও হয়ে পড়বে অনিশ্চিত। এ তিন নারীর জীবনের লড়াই নিয়েই এগিয়ে যাবে ক্রাইম থ্রিলার ওয়েব ফিল্মটির গল্প।