পল টিভি প্লাসে আসতে চলেছে বহুল প্রতীক্ষিত হলিউড সিনেমা ‘কিলার অব দ্য ফ্লাওয়ার মুন’। লিওনার্দো ডিক্যাপ্রিও ও জেসি প্লেমন্স অভিনীত সিনেমাটি নিয়ে মানুষের আগ্রহের শেষ নেই। আগামী বছর অ্যাপল টিভিতে মুক্তি পাবে মার্টিন স্করসেসি পরিচালিত সিনেমাটি।

ডেভিড গ্রানের লেখা বেস্ট সেলার বই ‘কিলার অব দ্য ফ্লাওয়ার মুন: দ্য ওসেজ মার্ডারস অ্যান্ড দ্য বার্থ অব দ্য এফবিআই’ থেকে সিনেমাটি নির্মাণ করা হয়েছে। তাই এবারের অস্কারের মৌসুম পাচ্ছে না লিওনার্দো ডিক্যাপ্রিওর আসন্ন সিনেমাটি। ১৯২০-এর দশকের কাহিনী নিয়েই নির্মাণ করা হয়েছে এটি। এর শুটিংয়ের বেশির ভাগ করা হয়েছে নিউ মেক্সিকোয় আর বাকি অংশগুলোর কাজ করা হয়েছে ওকলাহোমায়। এ সিনেমার মধ্য দিয়ে ওসেজ ন্যাশন হত্যাকারীদের ঘটনা তুলে ধরা হবে, যারা তেল আবিষ্কারের পর নেটিভ আমেরিকানদের হত্যা করেছিল। হত্যাকারীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেয়া হয়।

২০২৩ সালেই সিনেমাটি মুক্তির কথা ছিল। তবে অস্কারের জন্য সিদ্ধান্ত পরিবর্তন করে এটি চলতি বছরই মুক্তি দেয়ার কথা ভাবেন তারা। তবে পরে উইল স্মিথ অভিনীত ‘এম্যানসিপেশন’ সিনেমাটির জন্য ফের সিদ্ধান্তে পরিবর্তন আনা হয়। যদিও নির্মাতারা আবার সিদ্ধান্ত নেন সিনেমাটি ২০২৩ সালেই মুক্তি দেয়া হবে।

মার্টিন স্করসেসি বেশির ভাগ সময় সিনেমা এডিটিংয়ের কাজ করেন থেলমা স্কুনমেকারের সঙ্গে। সিনেমা এডিটিং দক্ষতার জন্য সবসময় আলোচনায় থাকেন তারা। ২০২১ সালের সেপ্টেম্বরে বলা হয়েছিল, ২০০ মিলিয়ন বাজেটের ‘কিলার অব দ্য ফ্লাওয়ার মুন’ সিনেমাটি এখনো অস্কারে প্রতিযোগিতা করার জন্য প্রস্তুত নয়। পরিবর্তে জানা যায়, ২০২৩ সালে সিনেমাটি কান ও ভেনিস উৎসবের মতো বড় কোনো ইভেন্টের মধ্য দিয়ে আত্মপ্রকাশ করতে চলেছে।

৯৪তম অস্কারের সেরা চলচ্চিত্রের পুরস্কার জিতেছিল অ্যাপল টিভির ‘কোডা’। আসন্ন কাজগুলো দিয়ে ফের বিশ্বসেরা পুরস্কার জিতবে অ্যাপল টিভি এমনটাই ভাবছেন সিনেমা সমালোচকরা। মাস্টারপিস কাজগুলোর মধ্য রয়েছে সানড্যান্স ফিল্ম ফেস্টিভ্যাল বিজয়ী সিনেমা ‘চা চা রিয়েল স্মুথ’ এবং অ্যানিমেটেড ফিচার ফিল্ম ‘লাক’।

উইল স্মিথ অভিনীত ও এন্টোইন ফুকার পরিচালিত ‘এম্যানসিপেশন’ সিনেমাটি অ্যাপল টিভি প্লাস কবে এবং কীভাবে আনতে চলেছে এটা নিয়েই এখনো আলোচনা চলছে। যদিও সিনেমাটির সঙ্গে যুক্ত সূত্র ভ্যারাইটিকে জানিয়েছিল, ২০২৩ সালের মে মাসে মুক্তি পেতে যাচ্ছে ‘এম্যানসিপেশন’। অনেকেই মনে করছেন, এ সময়ে সিনেমাটি মুক্তি পেলে ‘কিলার অব দ্য ফ্লাওয়ার মুন’ সিনেমাটির সঙ্গে তীব্র প্রতিযোগিতার মধ্যে পড়বে।

 

সূত্র: ভ্যারাইটি