এসএস রাজামৌলির আরআরআর আবার ধামাকা উপহার দিল। হলিউড ক্রিটিকস অ্যাসোসিয়েশন অ্যাওয়ার্ডে চারটি পুরস্কার বাগিয়ে নিয়েছে সিনেমাটি। বেস্ট অ্যাকশন ফিল্ম, বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার, বেস্ট অরিজিনাল সং ও বেস্ট স্টান্ট ট্রফি পেয়েছে সিনেমাটি। এ পুরস্কারের আসরে টম ক্রুজের টপ গান: ম্যাভেরিককে টেক্কা দিয়েছে সিনেমাটি। কিন্তু প্রশ্ন উঠেছে অন্য জায়গায়। পুরস্কার নিতে রাজামৌলির সঙ্গে মঞ্চে ছিলেন না এনটিআর জুনিয়র। এ নিয়ে তার ভক্তদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকে এমনও বলেছেন এনটিআর জুনিয়রকে আমন্ত্রণ করা হয়নি। এর প্রতিক্রিয়ায় ক্রিটিকস অ্যাসোসিয়েশন থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে, ব্যস্ততার কারণে অনুপস্থিত ছিলেন তিনি।
অ্যাওয়ার্ড কর্তৃপক্ষ তাদের বিবৃতিতে লিখেছে, ‘প্রিয় আরআরআর ভক্তরা, আমরা এনটি রামা রাও জুনিয়রকে (এনটিআর জুনিয়র) আমন্ত্রণ জানিয়েছিলাম, কিন্তু ভারতে তার নতুন সিনেমার শুটিংয়ের জন্য তিনি আসতে পারেননি।’ প্রতিষ্ঠানটি বলে, ‘তিনি শিগগিরই আমাদের কাছ থেকে তার পুরস্কারটি পাবেন। আপনাদের ভালোবাসা ও সমর্থনের জন্য ধন্যবাদ।’
সিনেমাটি নিয়ে দর্শকের আগ্রহের অন্ত নেই। এছাড়া আরআরআর যে বৈশ্বিক প্রপঞ্চ তৈরি করেছে, ভারতের সিনেমার ইতিহাসেও তা নতুন। ভারতের দর্শকরা ও সিনেমার ভক্তরা তাই আরআরআর নিয়ে দারুণ আশাবাদী। নাটু নাটু গানটি অস্কারে পুরস্কার পেতেও পারে। আরআরআর নিয়ে এখনো নানা রকম প্রচারণা চালিয়ে যাচ্ছেন রাজামৌলি। অন্যদিকে সিনেমাটি গোল্ডেন গ্লোব পাওয়ার পর অস্কারে এর সম্ভাবনা বেড়ে গেছে। অস্কার পাবে, এমনটাই আশা সবার।
এর আগে প্রায় প্রতিটি অনুষ্ঠানেই এনটিআর জুনিয়রকে দেখা গেছে। কিন্তু এবার তাকে না দেখে ভক্তরা চিন্তিত হয়ে পড়েছিলেন। এনটিআর জুনিয়র নতুন সিনেমার শুটিং শুরু করেছেন অনেক আগেই। তার হাতে থাকা দুটো সিনেমার একটির পরিচালক কোরাতলা শিব এবং অন্যটির পরিচালক প্রশান্ত নীল। কোনো সিনেমারই নাম এখনো নির্দিষ্ট হয়নি। তবে শিবের সিনেমাটি ২০২৪ সালে মুক্তি পাওয়ার কথা রয়েছে।
ছবি ও সূত্র: হিন্দুস্তান টাইমস










