বাংলাদেশের প্রখ্যাত সংগীত পরিচালক প্রয়াত আলাউদ্দীন আলীর সহধর্মিণী মিমি আলাউদ্দীন। নতুন ছয়টি মৌলিক গান নিয়ে শিগগিরই তিনি হাজির হচ্ছেন দর্শকের সামনে। বর্তমানে তিনি গানের কাজগুলো নিয়ে বেশ ব্যস্ত আছেন। সংগীতশিল্পী রুনা লায়লার গাওয়া কলের গাড়ি তাড়াতাড়ি চালাও রসিক ড্রাইভার গানটি নতুন করে গাইতে যাচ্ছেন মিমি। এ নিয়ে তিনি বলেন, ‘নতুন ছয়টি মৌলিক গান করছি। যেহেতু আমি আলাউদ্দীন আলীর সহধর্মিণী, তাই আমাকে একটু বুঝেশুনেই গান নির্বাচন করতে হচ্ছে। নকীব ভাইয়ের সুর করা গান আশা করছি এ মাসের শেষেই প্রকাশ পাবে। তবে আমি খুব বেশি উচ্ছ্বসিত শ্রদ্ধেয় রুনা লায়লা আপার গাওয়া গানটি নিয়ে। গানটি সবার প্রিয় আলাউদ্দীন আলীর সুর করা। তাই এটি গাইবার সাহস করেছি। এজন্য আমি অনেক চর্চা করে প্রস্তুতি নিয়েছি। রুনা আপার গান গাওয়া তো আসলে সহজ কোনো বিষয় নয়, তার গান গাইতে পারা আমার কাছে মনে হয় শিল্পীদের কাছে আশীর্বাদ স্বরূপ।’
আজ মিমির জন্মদিন। এ দিনে তিনি গাজীপুরে একটি স্টেজ শোয়ে সংগীত পরিবেশন করবেন। সঙ্গে থাকবেন তার মেয়ে। দিনটি ঘিরে পরিকল্পনার কথা বলতে গিয়ে মিমি বলেন, ‘জন্মদিনে কোনো আয়োজন নেই। এবারই প্রথম মা ছাড়া জন্মদিনের সময় কাটবে। আসলে বাবা-মা আর স্বামী নেই, এসব নিয়ে যখন ভাবি খুব মন খারাপ হয়। তবু দোয়া চাই সবার কাছে।’
তিনি আরো জানান, শিগগিরই মিতালী মুখার্জির গাওয়া ‘এই দুনিয়া এখন তো আর সেই দুনিয়া নেই’ গানটির কাভার প্রকাশ পেতে যাচ্ছেন তিনি।










