বলিউডে যেন বাড়ি, অ্যাপার্টমেন্ট কেনার হিড়িক পড়েছে।
অতি সম্প্রতি অর্জুন কাপুর ও অমিতাভ বচ্চন মোটা টাকায় অ্যাপার্টমেন্ট কিনেছেন।
এবার তালিকায় যুক্ত হলেন অজয় দেবগন।
তিনি অবশ্য অ্যাপার্টমেন্ট নয়, গোটা বাংলো কিনেছেন।
৬০ কোটি রুপি খরচ করে তিনি এ প্রপার্টি কিনলেন।
৫৯০ বর্গগজের এ বাংলোর অবস্থান অজয়ের বর্তমান বাড়ি ‘শক্তি’র কাছেই।
অজয়ের আশপাশেই থাকেন হূতিক রোশন, অমিতাভ বচ্চন, ধর্মেন্দ্র ও অক্ষয় কুমার।
অজয় দেবগনের নতুন বাংলো কেনার বিষয়টি নিশ্চিত করেছেন তার মুখপাত্র।
তবে ক্রয়মূল্যের ব্যাপারে তিনি কিছু বলতে রাজি হননি।
টাইমস অব ইন্ডিয়া তাদের সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, অজয় বছর খানেক ধরে নতুন বাড়ির খোঁজে ছিলেন।
জানা যায়, অজয় এ বাড়ি কেনার জন্য গত বছরের ডিসেম্বরে চুক্তিবদ্ধ হয়েছিলেন।
এরপর ৭ মে কাপোলে কো-অপারেটিভ হাউজিং সোসাইটি বাংলোটি বীণা বীরেন্দ্র দেবগন ও অজয় দেবগনের নামে হস্তান্তর করেছে।
আগে বাংলোটির মালিক ছিলেন পুষ্প ভালিয়া।
অজয় এরই মধ্যে বাংলোর দখল নিয়েছেন এবং সংস্কারের কাজ শুরু করেছেন।
অর্জুন কাপুর সম্প্রতি বান্দ্রায় তার প্রেমিকা মালাইকার বাড়ির কাছে ২০ কোটি রুপি দিয়ে ফ্ল্যাট কিনেছেন।
একই ভবনে থাকেন সোনাক্ষী সিনহা।
এছাড়া আলিয়া ভাট, জাহ্নবী কাপুর, হূতিক রোশন মুম্বাইয়ে নতুন বিলাসবহুল ফ্ল্যাট কিনেছেন।
অমিতাভ বচ্চনের জলসা, জনক ও প্রতীক্ষা নামের তিনটি বাংলো আছে।
সম্প্রতি তিনি ৩১ কোটি রুপি দিয়ে একটি ডুপ্লেক্স কিনেছেন।
সূত্র: ইন্ডিয়া টুডে










