মানসী প্রকৃতি ছোট পর্দার পরিচিত মুখ। বড় পর্দায়ও অভিষেক হয়েছে এ অভিনেত্রীর অনেক আগেই। অন্যদিকে আজ মুক্তি পেতে যাচ্ছে মানসী প্রকৃতি অভিনীত সিনেমা ‘যন্ত্রণা’। কয়েক বছর চলচ্চিত্রে বিরতি নিয়েছিলেন এ অভিনেত্রী। যন্ত্রণা মানসী প্রকৃতির ক্যারিয়ারের ষষ্ঠ সিনেমা। আর মুক্তির দিক দিয়ে চর্তুথ সিনেমা হতে যাচ্ছে এটি। এ সিনেমায় মানসী প্রকৃতির সঙ্গে দেখা যাবে আদর আজাদকে। আব্দুল্লাহ জহির বাবুর গল্পে সিনেমাটি পরিচালনা করেছেন আরিফুর জামান আরিফ। 

বড় পর্দায় ফিরে আসা প্রসঙ্গে মানসী প্রকৃতি বলেন, ‘‌দীর্ঘ সময় পর নতুন সিনেমা নিয়ে দর্শকের মুখোমুখি হতে যাচ্ছি। যেহেতু অনেকদিন পর সিনেমায় কাজ করেছি। তাই বুঝেশুনে ভালো একটি গল্প দিয়েই ফিরতে চেয়েছিলাম। যন্ত্রণা তেমনই একটি গল্প। নিজের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছি চরিত্রটি ফুটিয়ে তুলতে। বাকিটা দর্শক বলতে পারবেন কতটুকু পেরেছি। সময় যতটা ঘনিয়ে আসছে, ততটা নার্ভাস লাগছে। তবে এতটুকু বলতে পারব প্রেক্ষাগৃহে এসে দর্শক নিরাশ হবেন না। সবাইকে প্রেক্ষাগৃহে এসে সিনেমাটি দেখার আহ্বান রইল।’

আসন্ন এ সিনেমায় অভিনয়ের অভিজ্ঞতা নিয়ে জানতে চাইলে মানসী প্রকৃতি বলেন, ‘‌ লেডি অ্যাকশন গল্পে সিনেমাটি নির্মিত হয়েছে। আমার চরিত্রের নাম পুষ্প। এ পুষ্পকে ঘিরেই গল্পটি এগিয়ে যাবে। অ্যাকশন চরিত্রে এবারই প্রথম অভিনয় করেছি। চরিত্রটি অনেক চ্যালেঞ্জিং। সিনেমায় প্রচুর মারপিটের দৃশ্য আছে। চেষ্টা করেছি পর্দায় অ্যাকশন লেডির রুদ্রমূর্তি ফুটিয়ে তুলতে। গল্পে অনেক বাঁক রয়েছে। চেষ্টা করেছি নিজের চরিত্রটি যথাযথভাবে ফুটিয়ে তুলতে। আশা করছি, গল্প ও চরিত্র মিলিয়ে সিনেমাটি দর্শকের ভালো লাগবে।’ 

যন্ত্রণায় আরো অভিনয় করেছেন শতাব্দী ওয়াদুদ, ডন, বড়দা মিঠু, আশরাফ কবির, সায়মা স্মৃতি, সোহেল রশিদ, গাঙ্গুয়া, জাহিদ, পারভেজ সুমন, শেখ স্বপ্না, পারভিন আক্তার, অতিথি শিল্পী তনামি হক প্রমুখ।

‘শেষ কথা’ সিনেমা দিয়ে বড় পর্দায় অভিষেক হয়েছিল মানসী প্রকৃতির। এছাড়া ‘জল শ্যাওলা’ সিনেমাসহ আরো একটি সিনেমা মুক্তি পেয়েছে। বর্তমানে তার অভিনীত ‘দুই ঘণ্টা দশ মিনিট’ ও ‘রং রোড-আদুরী অধ্যায়’ নামের সিনেমা দুটি মুক্তির অপেক্ষায়। সিনেমাগুলো শিগগির প্রেক্ষাগৃহে আসবে বলে জানিয়েছেন মানসী প্রকৃতি। এছাড়া নাটক নিয়ে নিয়মিত ব্যস্ত আছেন এ অভিনেত্রী। তবে যন্ত্রণা সিনেমাটির মুক্তিকে কেন্দ্র করেই আজকের ব্যস্ততার কথা জানিয়েছেন মানসী প্রকৃতি।