সালমান খানের নতুন ছবি রাধে। ছবিতে খলচরিত্রে দেখা যাবে এক সাইকোপ্যাথকে। আর এ চরিত্রে অভিনয় করছেন রণদীপ হুদা। সর্বশেষ তথ্য অনুযায়ী ২০২১ সালে দর্শকরা দেখতে পাবেন সালমান খানের বহু প্রতীক্ষিত এ অ্যাকশন থ্রিলার ছবিটি।

রাধে ছবিতে রণদীপ হুদার লুক কেমন হবে তা নিয়ে সম্প্রতি নতুন তথ্য জানিয়েছে মুম্বাই মিরর। ছবিতে গোয়ার এক ড্রাগ লর্ডের ভূমিকায় দেখা যাবে রণদীপকে। লম্বা চুল আর পেশিবহুল ফিট বডিতে নতুন লুকে হাজির হচ্ছেন রণদীপ। ছবিতে তার সঙ্গে সালমানের টক্কর বেশ ভালোই জমবে।

রাধে: ইয়োর মোস্ট ওয়ান্টেড ভাই ছবিতে যুক্ত একটি সূত্র মুম্বাই মিররকে জানিয়েছে, ‘এখানে সে নীতিমান এক গ্যাংস্টার, পুরোপুরি সাইকোপ্যাথ। এ ছবিতে রণদীপকে যে অবতারে দেখা যাবে তা আগে কখনো দেখা যায়নি। এবার সে পারফেক্ট খলনায়ক।’


অক্টোবরে রাধে শেষ পর্বের শুটিংয়ে যোগ দেয়ার আগে আগস্টে হাঁটুতে অস্ত্রোপচার হয়েছে রণদীপের। রাধের জন্য শারীরিকভাবেও বেশ রূপান্তরের মধ্য দিয়ে যেতে হয়েছে রণদীপকে। তার কথায় এটা ছিল দারুণ অভিজ্ঞতা। রণদীপ বলেন, ‘চরিত্রটির একটা ছবি আমি মাথার মধ্যে গেঁথে নিয়েছিলাম। চেষ্টা করেছি পর্দায় যেন আমাকে সে রকমই দেখা যায়। এ রকম চরিত্রে শুধু শারীরিক গঠনের পরিবর্তন নয়, বরং পুরো মানসিকতাকেও বদলে ফেলতে হয়। রাধে মুক্তির পর দর্শকরা আমার চরিত্রটি নিয়ে কেমন প্রতিক্রিয়া দেখান আমি তা দেখতে খুব আগ্রহ নিয়ে অপেক্ষা করছি।’

জানা গেছে ছবিতে সালমান খান ও রণদীপ হুদার মধ্যে বেশ কয়েকটি অ্যাকশন দৃশ্য আছে। এর মধ্যে বিশেষভাবে পরিকল্পিত একটি স্মোক ফাইট। এ দৃশ্যের কোরিওগ্রাফ করেছে কোরিয়ার একটি স্টান্ট টিম। সব মিলিয়ে রাধে: ইয়োর মোস্ট ওয়ান্টেড ভাই যে জমজমাট অ্যাকশন ছবি হতে যাচ্ছে তা নিয়ে সন্দেহের অবকাশ নেই। আর তা হলে বলিউড হয়তো আরেকবার সালমান খানের নতুন কোনো রেকর্ডের সাক্ষী হতে যাচ্ছে।

 

সূত্র: মুম্বাই মিরর