নন্দিত নায়িকা পূর্ণিমা। বেশ কিছুদিন হলো নতুন কোনো সিনেমা মুক্তি পায়নি তার। সব ধরনের কাজ থেকেই খানিকটা বিরতি নিয়েছিলেন তিনি। তবে এর মধ্যেও অল্পবিস্তর কাজ করেছেন। অবশেষে মুক্তি পাচ্ছে পূর্ণিমা অভিনীত একটি সিনেমা। ছটকু আহমেদের সিনেমা দিয়ে ফিরছেন তিনি। সিনেমার নাম ‘আহারে জীবন’।
এবার নতুন সিনেমা মুক্তির প্রহর শেষ হতে যাচ্ছে পূর্ণিমার। জনপ্রিয় কাহিনীকার, চলচ্চিত্র পরিচালক ছটকু আহমেদ পরিচালিত আহারে জীবন এরই মধ্যে সেন্সর ছাড়পত্র পেয়েছে। এ সিনেমার গল্পের কেন্দ্রীয় একটি চরিত্রে অভিনয় করেছেন তিনি। ছটকু আহমেদের পরিচালনায় এর আগে অভিনয় করেননি পূর্ণিমা। এবারই প্রথম তার কোনো সিনেমায় যুক্ত হয়েছেন তিনি। সিনেমাটিতে তার বিপরীতে আছেন চিত্রনায়ক ফেরদৌস আহমেদ। এর আগেও বেশকিছু সিনেমায় তারা দুজন একসঙ্গে অভিনয় করেছেন। তাদের একসঙ্গে অভিনয় করা আরো একটি সিনেমা হচ্ছে নঈম ইমতিয়াজ নেয়ামুল পরিচালিত ‘গাঙচিল’। এর মূল গল্প ওবায়দুল কাদেরের।
আহারে জীবন সিনেমায় অভিনয় প্রসঙ্গে পূর্ণিমা বলেন, ‘ছটকু ভাই এ দেশের একজন গুণী নির্মাতা। তার সিনেমায় অভিনয় করা আমার জন্য নতুন অভিজ্ঞতা। ছটকু ভাই এই বয়সে এসেও অনেক যত্ন নিয়ে সিনেমাটি নির্মাণ করার চেষ্টা করেছেন।’ সিনেমায় অভিনয় করতে গিয়ে তিনি গুণী নির্মাতাদের সংস্পর্শে এসেছেন। পেয়েছেন দর্শকের ভালোবাসা। এ নিয়ে অভিনেত্রী বলেন, ‘অভিনয়জীবনে চলার পথে আমি অনেক গুণী নির্মাতার নির্দেশনায় অভিনয় করেছি। এ দেশের কোটি দর্শকের ভালোবাসায় সিক্ত হয়েছি। দর্শক এখনো আমাকে যে ভালোবাসায় প্রতিনিয়ত সিক্ত করেন, তাতে সত্যিই আমি মুগ্ধ হই।’
সিনেমা থেকে কিছুদিনের বিরতি নিয়েছিলেন পূর্ণিমা। ফেরা প্রসঙ্গে তিনি বলেন, ‘দর্শকের জন্যই আসলে অভিনয় করা। তারা দীর্ঘদিন আমার নতুন সিনেমার মুক্তির অপেক্ষায় ছিলেন। আহারে জীবন দিয়ে সে প্রতীক্ষার পালা শেষ হতে যাচ্ছে। সিনেমাটি মুক্তি পেলে দর্শককে হলে গিয়ে সিনেমাটি দেখার আহ্বান রইল।’
এদিকে গত ১৪ নভেম্বর ২০২২ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার অনুষ্ঠানের উপস্থাপনা করেছেন পূর্ণিমা। এর আগেও বেশ কয়েকবার পূর্ণিমা জাতীয় চলচ্চিত্র পুরস্কার অনুষ্ঠানের উপস্থাপনা করেছেন। এছাড়া নানা ধরনের অনুষ্ঠানে পূর্ণিমাকে উপস্থাপনায় দেখা যায়। তবে নতুন মৌসুমের জন্য এখনো কোনো শোয়ের উপস্থাপনার জন্য চূড়ান্তভাবে কোনো অনুষ্ঠানসংশ্লিষ্ট কারো সঙ্গে কথা হয়নি বলে জানান পূর্ণিমা। আপাতত নতুন কোনো সিনেমা বা নাটকেও অভিনয় করছেন না তিনি।










