ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বায়োপিক ‘পিএম নরেন্দ্র মোদি’
মুক্তি পেয়েছিল ২০১৯ সালের মে মাসে। মোদির চরিত্রে অভিনয় করেছিলেন বিবেক ওবেরয়। ছবিটি আবারো হলে মুক্তি দেয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন সংশ্লিষ্টরা। ভারতে করোনাভাইরাসজনিত লকডাউন শেষে ১৫ অক্টোবর সিনেমা হল খোলার পর প্রথম ছবি হিসেবে হলে মুক্তি পাবে ‘পিএম নরেন্দ্র মোদি’। সম্প্রতি ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় ১৫ অক্টোবর থেকে দেশটিতে সিনেমা হল খুলে দেয়ার সিদ্ধান্ত ঘোষণার পর এ তথ্য জানিয়েছে ছবির প্রযোজনা সংস্থা। করোনা মহামারীর কারণে প্রায় সাত-আট মাস বন্ধ আছে ভারতের সিনেমা হলগুলো।
‘পিএম নরেন্দ্র মোদি’
ছবির প্রযোজক বলেছেন, ‘থিয়েটার খুলে দেয়ার পর আমাদের দেশের এ সময়ের সবচেয়ে প্রেরণাদায়ী নেতার জীবনের গল্প দেখাটা নিশ্চয়ই দারুণ ব্যাপার হবে। আমি এ ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে পেরে গর্বিত। কিছু রাজনৈতিক ঝামেলার কারণে ছবিটা যখন প্রথমবার মুক্তি পেয়েছিল, তখন অনেকেই সেটা দেখতে পারেননি। আমরা আশা করি, ছবিটা আবার হলে মুক্তি পাওয়ার পর নতুন জীবন পাবে। দেশের মানুষ ছবিটি উপভোগ করবে।’
‘পিএম নরেন্দ্র মোদি’
ছবিটি পরিচালনা করেন ওমনাগ কুমার। ছবিটি মুক্তির পর বক্সঅফিসে তেমন সাফল্য পায়নি।
ছবিটি ভারতীয় রাজনীতিতে নরেন্দ্র মোদির উত্থানের গল্প দেখিয়েছে। ছবিতে আরএএসএস এ তার কর্মকাণ্ড, পরবর্তী সময় গুজরাতের মুখ্যমন্ত্রী এবং শেষমেশ ভারতের প্রধানমন্ত্রী হওয়ার কাহিনীও উঠে এসেছে।
সূত্র: ডিএনএ










