অনুরাগ কাশ্যপ তার ক্যারিয়ারে বেশকিছু ভিন্নমাত্রিক সিনেমা নির্মাণ করেছেন। তাকে বেশির ভাগ দর্শক গ্যাংস অব ওয়াসিপুর দিয়ে চেনে। কিন্তু এর বাইরেও কাশ্যপের আছে অনেক সিনেমা, যা আলোচনায় আসেনি। এর আছে নানাবিধ কারণ। কাশ্যপ সবসময়ই সিনেমাকে মূলধারার বলিউডের তুলনায় ভিন্ন দৃষ্টিতে দেখেছেন। তার কয়েকটি সিনেমা যে সময়ে নির্মিত সে সময় বলিউডের দর্শক সিনেমাগুলোকে গ্রহণ করেনি। পরে সেসব সিনেমার প্রশংসা হয়েছে। এমনই একটি সিনেমা বম্বে ভেলভেট। সিনেমাটি প্রথমে নজড় কেড়েছিল করণ জোহরের কারণে। এর মাধ্যমেই করণকে প্রথমবারের মতো পূর্ণাঙ্গ অভিনয়ে দেখা যায়। আর সেখানে তিনি অভিনয় করেছিলেন খল চরিত্রে। সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে ছিলেন রণবীর কাপুর ও আনুশকা শর্মা। কিন্তু সম্প্রতি জানা গেল এ সিনেমায় রণবীর কাপুর নয়, রণবীর সিংয়ের অভিনয় করার কথা ছিল।

রণবীর সিংও বরাবর নিজেকে নিয়ে নিরীক্ষা করতে চেয়েছেন। বম্বে ভেলভেট নিয়ে তার আগ্রহ ছিল তাই বেশি। অনুরাগ জানাচ্ছেন, সিনেমার জন্য অনেকগুলো সংলাপ মুখস্থ করেছিলেন রণবীর সিং। বলিউড বাবলকে অনুরাগ বলেন, ‘রণবীর সিংয়ের সিনেমাটি নিয়ে খুব উচ্ছ্বাস ছিল। সে একগাদা সংলাপ মুখস্থ করে ফেলেছিল অল্প সময়েই।’‌ কিন্তু তখনো রণবীর সিং বলিউড ইন্ডাস্ট্রিতে ‘‌বড় একটি নাম’ হয়ে ওঠেননি। সিনেমা শুরু হয়েছিল কম বাজেট নিয়ে, কিন্তু পরে এর বাজেট বেড়ে যায়। প্রযোজকরা চাচ্ছিলেন নামি অভিনেতাকে নিতে। রণবীর কাপুরের মধ্যে তা ছিল। অনুরাগ বলেন, ‘‌বাজেট বেড়ে যাওয়ার পর আর আমাদের পরিকল্পনা অনুসারে কাজটা করা সম্ভব ছিল না।’ এ নিয়ে অনুরাগ এখনো অপরাধবোধে ভোগেন বলে জানান।

তবে অনুরাগ সময় নিয়েছিলেন। এর পরও তার ইচ্ছা ছিল রণবীর সিংয়ের সঙ্গেই কাজটি করার। তিনি বলেন, ‘‌আমি অপেক্ষা করেছিলাম। কাজ করছিলাম ধীরে। এর মধ্যে রণবীর লুটেরার শুটিং শুরু করেছিল।’ রণবীর সিং নিজেও করণ জোহরের শো কফি উইথ করণে এ সিনেমা নিয়ে কথা বলেছেন। তিনি বলেন, ‘‌আমার সে সময়ের স্টার পাওয়ার ওই সিনেমার বাজেটের তুলনায় কম ছিল। তাই সিনেমা থেকে বাদ পড়েছিলাম। তবে সেসব আগের কথা। সময় এখন বদলে গেছে।’

রণবীর সিং অবশ্য এ নিয়ে অনুরাগের বিরুদ্ধে কোনো কথা বলেননি। তবে অনুরাগের সঙ্গে কোনো সিনেমায় তাকে দেখাও যায়নি। অনুরাগকে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, ‘‌আমার নিজের মধ্যে একটা অপরাধবোধ তো ছিলই, তবে সময়ও বদলে গেছে। আমি রণবীরের সঙ্গে যোগাযোগ করেছিলাম। সে তখন তার নিজের কাজে ব্যস্ত ছিল। আমিও আমার দুঃসময় পার করছিলাম। ফলে একসঙ্গে কাজ আর করা হয়নি।’

কিন্তু এ নিয়ে দুজনের মধ্যে কোনো দূরত্ব তৈরি হয়নি। অনুরাগ কিছুদিন আগেই ‘‌রকি অউর রানি কি প্রেম কাহানি’তে রণবীর সিংয়ের অভিনয়ের ভূয়সী প্রশংসা করেছেন।

সূত্র: বলিউড বাবল