বর্তমান বাংলাদেশের সংগীত অঙ্গনের অন্যতম তারকা দিলশাদ নাহার কনা। প্রায় দুই যুগের বেশি সময়ের ক্যারিয়ার তার। এ সময়ের মধ্যে অনেক জনপ্রিয় গান উপহার দিয়েছেন তিনি। অডিও, প্লেব্যাক, জিঙ্গেল সব মাধ্যমেই সাফল্যের পালক ছুঁয়েছেন। তার গাওয়া বরষা, ধিমতানা, রেশমি চুড়ি, দিল দিল দিল, ওহে শ্যাম, তুই কি আমার হবি রে গানটি পেরিয়ে হালের দুষ্টু কোকিল তো মানুষের মুখে মুখে। নিজের সলো গান, সিনেমায় প্লেব্যাক ও স্টেজ শোসহ সব ক্ষেত্রেই সফল এ গায়িকা। তার ব্যক্তিজীবন, সংগীতযাত্রা, পছন্দ-অপছন্দ ইত্যাদি নিয়ে আগ্রহ আছে দর্শক-ভক্তদের। একটি আয়োজনে এবার এসব নিয়েই আলাপ করবেন তিনি।
সুকণ্ঠী এ গায়িকার ব্যক্তিজীবন ও সংগীতজীবনের অনেক অজানা গল্প বলেছেন একটি টিভি অনুষ্ঠানে। ‘স্টার নাইট’ নামের অনুষ্ঠানটি মাছরাঙা টেলিভিশনে প্রচার হবে আজ রাত ৯টায়। অনুষ্ঠানে নিজের ক্যারিয়ারের নানা অভিজ্ঞতা, ঘটনা ও সাফল্যের গল্প বলবেন কনা।
মূলত মাছরাঙা টেলিভিশনের নিয়মিত আয়োজন স্টার নাইট। রুম্মান রশীদ খানের গ্রন্থনায় অনুষ্ঠানটি প্রযোজনা করছেন অজয় পোদ্দার এবং উপস্থাপনায় আছেন মৌসুমী মৌ। প্রতি সপ্তাহে একজন তারকা উপস্থিত থাকেন আয়োজনে এবং তারা জীবনের নানা গল্প করেন। দর্শককে জানান এমন অনেক অভিজ্ঞতার কথা যা এর আগে কখনো তারা বলেননি। কনাও সে রকম কিছু গল্প বলবেন।
সেই সঙ্গে তার সহকর্মী, কাছের বন্ধু এবং পরিবারের সদস্যরা তার সম্পর্কে বলবেন। অনুষ্ঠানে তার প্রিয় গান ও চলচ্চিত্রের বিভিন্ন ক্লিপিংসও দেখানো হবে। এ সবকিছুর মধ্য দিয়ে সংগীতশিল্পী কনার যাত্রার পাশাপাশি ব্যক্তি কনাকেও খুঁজে পাবেন দর্শক ও তার ভক্তরা।










