সময়ের জনপ্রিয় অভিনেত্রী দীপা খন্দকার। দীর্ঘদিন ধরে ছোট পর্দায় নিয়মিত কাজ করে যাচ্ছেন তিনি। নতুন নতুন চরিত্র আর বৈচিত্র্যময় অভিনয়ে তিনি নিয়মিতই দর্শকদের উপহার দিচ্ছেন অনেক সুন্দর ও স্মরণীয় কাজ। গতকাল ছিল এ গুণী অভিনয়শিল্পীর জন্মদিন।

দীপা জানান, দিনটি তিনি কাটিয়েছেন শুটিং স্পটেই। পুবাইলে চলছে একটি নতুন নাটকের শুটিং, নাম ‘পৃথিবী বদলে গেছে’। টিভি নাটকের গুণী অভিনেতা ম ম মোরশেদের ছেলে ম ম পৃথ্বি প্রথমবারের মতো এ নাটকের মাধ্যমে পরিচালনায় নাম লিখিয়েছেন। রচনা ও পরিচালনা দুটিই তার। নাটকে একজন ডাক্তারের ভূমিকায় অভিনয় করছেন দীপা।

এ নাটকে আরো অভিনয় করছেন দিলারা জামান, মাহিমা, প্রত্যয় হিরণ, রায়হান খান, তৌফিকুল হাসান নিহাল, সাইফুল ইসলাম রাফি, সানজানা সুষ্মি ও সুরভী ইসলাম। দীপা বলেন, ‘অনেক আগেই এই শিডিউল ঠিক করা ছিল। তাই জন্মদিন হলেও পেশাগত দায়িত্ব থেকেই শুটিং করছি। তার কথায়, চরিত্রটি ছোট হলেও যথেষ্ট গুরুত্ব বহন করছে। জন্মদিনে দিলারা জামান আপাসহ ইউনিটের সবার সঙ্গে দেখা হওয়ায় তিনি বিশেষ আনন্দ পেয়েছেন। শুটিং স্পটেই শুভেচ্ছায় ভরে উঠেছে তার বিশেষ দিনটি।

সম্প্রতি তিনি কক্সবাজারে হিমছড়ির ‘বে হিলস’ হোটেলের উদ্বোধনীতে যোগ দিতে গিয়েছিলেন। সেখান থেকে ফিরে এসেই আবার কাজে ব্যস্ত হয়ে পড়েন। এরই মধ্যে তন্ময় সূর্যের নির্দেশনায় ‘হাঙ্গর’ সিনেমায় একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন তিনি। সিনেমাটির কিছু অংশের শুটিং সম্পন্ন হয়েছে কুয়াকাটায়, যদিও পুরো কাজ এখনো শেষ হয়নি। পাশাপাশি বদিউল আলম খোকনের ‘তছনছ’ সিনেমায়ও তাকে দেখা যাবে গুরুত্বপূর্ণ একটি ভূমিকায়।

এছাড়া সম্প্রতি মুরাদ পারভেজ পরিচালিত ‘শেষের গল্প’ নাটকে অভিনয় করে দর্শকের বিশেষ প্রশংসা কুড়িয়েছেন দীপা খন্দকার। বিশেষ করে নাটকে মা চরিত্রে তার গভীর ও হৃদয়ছোঁয়া অভিনয় দর্শকদের মনে দারুণভাবে দাগ কেটে গেছে।