সূচনালগ্ন থেকেই নতুন ধারার নাটক নিয়ে আসতে কাজ করছে নাট্যসংগঠন ঢাকা থিয়েটার। প্রতি বছরই নতুন প্রযোজনায় কাজ করে আসছে তারা। ২০২১ ও ২০২২ সালে পরীক্ষামূলক মঞ্চায়ন হয়েছিল ঢাকা থিয়েটারের ৫০তম প্রযোজনা ‘নৈশব্দে ৭১’ নাটকের। সদ্য বিদায়ী বছরের শেষে ফের নতুন প্রযোজনা নিয়ে আসছে এ নাট্যসংগঠন। নাটকের নাম মেডিয়া। এরই মধ্যে দর্শকপ্রিয়তা পেয়েছে নাটকটি। আজ বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে সন্ধ্যা ৭টায় মঞ্চস্থ হবে ঢাকা থিয়েটারের নতুন নাটক মেডিয়ার চতুর্থ প্রদর্শনী।
ঢাকা থিয়েটারের এ প্রযোজনা নির্দেশনা দিয়েছেন হুমায়ূন কবির হিমু। বাংলাদেশের অন্যতম নাট্য সংগঠন ঢাকা থিয়েটারের ৫১তম প্রযোজনা এটি। গ্রিক নাট্যকার ইউরিপিডিসের লেখা নাটকটি অনুবাদ করেছেন অধ্যাপক আবদুস সেলিম। গ্রিক ট্র্যাজেডি রচয়িতা ইউরিপিডিসের অন্যতম রচনা মেডিয়া। একজন নারীকে তার স্বামী কীভাবে নিগৃহীত ও অকিঞ্চিৎকরভাবে ব্যবহার করে তার পুরুষতান্ত্রিক যৌন ইচ্ছা ও উচ্চাকাঙ্ক্ষা চরিতার্থ করতে এবং সে নারী কীভাবে তার প্রতিশোধ নেয়, তাই তুলে ধরা হয়েছে নাটকে।
ঢাকা থিয়েটারের দলপ্রধান নাসির উদ্দীন ইউসুফ বলেন, ‘ঢাকা থিয়েটার দেশজ নাট্যধারা চর্চার পাশাপাশি দীর্ঘদিন ধরে বিশ্ব নাট্যধারারও চর্চা করে আসছে। মেডিয়া এ ধারার নবম প্রযোজনা। এর আগে উইলিয়াম শেক্সপিয়ারের “টেম্পেস্ট ও বার্টোল্ট ব্রেখটের ধূর্ত উই মঞ্চায়ন করে প্রশংসা কুড়িয়েছে।”
মেডিয়া নাটকের মঞ্চ পরিকল্পনা করেছেন জুনায়েদ ইউসুফ, আলোক পরিকল্পনায় ওয়াসিম আহমেদ, কোরিওগ্রাফি মোফাসসাল আল আলিফ। এতে অভিনয় করেছেন তাহমিদা মাহমুদ, মাহমুদুর রহমান শুভ, সাইফুদ্দিন আহমেদ দুলাল, মিলু চৌধুরী, ফাহমিদা কামাল, আব্দুল গনি, রুবেল পারভেজ, সাজ্জাদুল ইসলাম, হৃদয় হাসান প্রমুখ।










