ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত তুরস্ক ও সিরিয়ার মানুষের জন্য সহায়তা চেয়েছেন হলিউড সুপারস্টার অ্যাঞ্জেলিনা জোলি। এক ইনস্টাগ্রাম পোস্টে এ তারকা লেখেন, আমার মন পড়ে আছে তুরস্ক ও সিরিয়ার মানুষের কাছে। খবর আনাদোলু।

গত ৬ ফেব্রুয়ারির এ ভূমিকম্পে এখন পর্যন্ত ২৯ হাজারের বেশি মানুষের মৃত্যুর খবর পাওয়া গেছে।  ক্ষতিগ্রস্ত হয়েছে কোটি কোটি মানুষ। ত্রাণের জন্য হাহাকার করছে দুর্গত এলাকার বাসিন্দা। এমন পরিস্থিতিতে তাদের জন্য সহায়তার আহ্বান জানিয়েছেন জোলি। 

নিজে সহায়তা করেছেন জানিয়ে অন্যদেরও এগিয়ে আসার অনুরোধ করেন জোলি। পাশাপাশি উদ্ধার কার্যক্রম চালিয়ে যেতে সাহায্য করার আহ্বান জানান।

জোলি ইনস্টাগ্রামে লিখেছেন, দুর্গতদের যন্ত্রণা অকল্পনীয়। বিধ্বস্ত অনেক পরিবারই যন্ত্রণায় ও অনাহারে ভুগছে। 

ভূমিকম্পে বিধ্বস্ত এলাকার ছবি দিয়ে তহবিল সংগ্রহের একটি লিংক শেয়ার করেছেন ’ইন দ্য ল্যান্ড অব ব্লাড অ্যান্ড হানি’ সিনেমার এই পরিচালক।