নতুন বছরের শুরুতে বাংলা সিনেমা নিয়ে আশার বার্তা দিয়েছেন জনপ্রিয় চিত্রনায়ক সিয়াম আহমেদ। সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলচ্চিত্রের ভাষা, গল্প ও নির্মাণে নতুনত্বের প্রত্যাশার কথা জানিয়ে তিনি তুলে ধরেছেন নিজের নতুন পরিকল্পনা ও ভাবনার কথা। সিনেমাকে আরো পরিশীলিত ও দর্শকবান্ধব করে তুলতে একজন অভিনেতা হিসেবে নিজের দায়বদ্ধতার কথাই উঠে এসেছে তার নতুন বছরের বার্তায়।

ফেসবুকে দেয়া এক দীর্ঘ পোস্টে সিয়াম আহমেদ জানান, বছরটির শুরু হয়েছিল নানা আশঙ্কা ও অনিশ্চয়তা নিয়ে। ঠিক এমন সময়েই বিনোদনের গুরুত্ব আরো জরুরি হয়ে ওঠে। বাস্তব জীবনের চাপ থেকে মানুষকে কিছু সময়ের জন্য হলেও দূরে নিয়ে যাওয়া, হাসানো, কাঁদানো কিংবা নতুন এক জগতে পৌঁছে দেয়াই বিনোদনের বড় দায়িত্ব।

ঈদে মুক্তিপ্রাপ্ত তার অভিনীত সিনেমা ‘জংলি’ নিয়ে দর্শকের অভূতপূর্ব সাড়ার কথাও উল্লেখ করেন সিয়াম। তিনি লেখেন, ঈদের সময়লাখ লাখ মানুষ পরিবার-পরিজন নিয়ে সিনেমা হলে এসে ‘জংলি’ দেখেছেন। দর্শকের সেই প্রতিক্রিয়া তিনি নিজ চোখে দেখেছেন—হাসি, কান্না আর ভালোবাসার মুহূর্তগুলো তাকে গভীরভাবে ছুঁয়ে গেছে। সিনেমা হলে লুকিয়ে বসে তিনি দেখেছেন, বাবা সন্তানকে আগলে ধরে আছেন, মায়ের চোখ দিয়ে অঝোরে পানি ঝরছে।

সিয়াম আহমেদ বলেন, ‘বিশ্বাস করুন, আপনাদের সেই ভালোবাসা দেখে আমারও চোখ ভিজে উঠেছে। একজন অভিনেতার জন্য এর চেয়ে বড় প্রাপ্তি আর কী হতে পারে!’

তার ভাষায়, দর্শকের ভালোবাসা শুধু ‘জংলি’ চরিত্রেই সীমাবদ্ধ ছিল না। জনি কিংবা জংলির পাশাপাশি স্বল্প সময়ের চরিত্র আরমান মনসুরও দর্শকদের বিস্মিত করেছে। সেই চরিত্রকে ঘিরে দর্শকদের তৈরি পোস্টার, মিম, ভিডিও ম্যাশআপ এমনকি ব্যাকগ্রাউন্ড মিউজিক (বিজিএম) দেখেও তিনি অভিভূত হয়েছেন। তার মতে, এ ভালোবাসার অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো নয়।

নিজের লক্ষ্য প্রসঙ্গে সিয়াম আহমেদ জানান, একজন অভিনেতা হিসেবে সব সময় নিজেকে চ্যালেঞ্জ করাই তার লক্ষ্য। দর্শকদের জন্য ভিন্ন স্বাদের চরিত্র ও নতুন গল্প নিয়ে আসাই তার চেষ্টা। এ বছরের দর্শকপ্রিয়তা তাকে বুঝিয়েছে—এ চেষ্টায় তিনি কিছুটা হলেও সফল হয়েছেন।

নতুন বছর নিয়ে আশাবাদ জানিয়ে সিয়াম জানান, এবার নতুন চ্যালেঞ্জের পালা। নতুন বছরে দর্শকদের জন্য আসছে আরো নতুন চরিত্র, আরো নতুন গল্প। তিনি স্পষ্ট করে বলেন, সিনেমায় অভিনয় করেন দর্শকদের জন্যই। দর্শকের ভালোলাগা কিংবা না লাগাই সবচেয়ে বড় অর্জন।

সবশেষে নতুন বছরের প্রতিশ্রুতি দিয়ে সিয়াম আহমেদ লেখেন, নতুন বছরে তিনি এমন কিছু চরিত্র ও গল্প হাতে নিয়েছেন, যেখানে—‘রাক্ষস আন্ধারে জংলি হয়ে উঠবে।’ দর্শকদের উদ্দেশে তার বার্তা—‘আমি তোমাদের স্ক্রিনে আগুন লাগাতে যাচ্ছি। হ্যাপি নিউ ইয়ার।’