নভেম্বরে বাজারে আসবে হলিউড সুপারস্টার উইল স্মিথের আত্মজীবনী। উইল শিরোনামের এ বই প্রকাশিত হবে ৯ নভেম্বর। সম্প্রতি বইয়ের শিরোনাম ও প্রচ্ছদ প্রকাশ করেছেন তিনি। বইটি প্রকাশ করবে পেঙ্গুইন র‌্যান্ডম হাউজ। আর সঙ্গে সঙ্গেই অ্যামাজনে অভিনেতা ও বিনোদন দুনিয়ার মানুষের আত্মজীবনী বিভাগে এক নম্বর বেস্টসেলার হয়ে গেছে।

উইল বইতে স্মিথের সহলেখক হিসেবে আছেন আলোচিত লেখক মার্ক ম্যানসন আর প্রচ্ছদ করেছেন নিউ অরলিন্সের শিল্পী ব্রান্ডান। সামাজিক যোগাযোগ মাধ্যমে বইয়ের প্রচ্ছদ শেয়ার করে উইল স্মিথ লিখেছেন, ‘আমার প্রথম বই!’ সঙ্গে এক ভিডিও বার্তায় বলেছেন, ‘এটা একটা ভালোবাসার কাজ। দুই বছর ধরে এ বই নিয়ে কাজ করছি এবং এখন বইটা প্রস্তুত।’

উইল বইটি তার ভক্তরা অনেকেই প্রি-অর্ডার করছেন। আর তাতে ভক্তদের ধন্যবাদ জানিয়েছেন তিনি। আত্মজীবনীতে উইল স্মিথ তার ব্যক্তিজীবন, শিশুবেলা, বেড়ে ওঠার গল্প বলবেন। একই সঙ্গে ভক্তরা জানবেন কীভাবে সময় ও পরিস্থিতির সঙ্গে জীবনের প্রতি উইলের দৃষ্টিভঙ্গি বদলে গেছে। প্রকাশনা সংশ্লিষ্টরা জানাচ্ছেন, এ বই হবে উইল স্মিথের অবিশ্বাস্য সাফল্যের পেছনে থাকা তার নিজস্ব জ্ঞান-উপলব্ধির ভূমিকার প্রেরণাদায়ী গল্প।

অ্যামাজন ডটকমে বইটি নিয়ে লেখা হয়েছে, ‘একজন মানুষ কীভাবে তার আবেগকে ধারণ করেছেন তার গল্প জানা যাবে এ বইয়ে। এমনভাবে বইটি লেখা হয়েছে যা পাঠককেও একই রকম সক্ষমতা অর্জনে সহায়তা করবে।’ আর উইল স্মিথ নিজে লিখেছেন, ‘নিজের মনকে জয় করতে পারলে জাগতিক দুনিয়াকে নিয়ন্ত্রণ করাটা সহজ হয়ে যায়। আমি তা বিশ্বাস করি। যখন আপনি নিজের মনকে চিনতে পারবেন তখন যেকোনো অভিজ্ঞতা, আবেগ, পরিস্থিতি তা সে ইতিবাচক কিংবা নেতিবাচক যেমনই হোক না কেন আপনাকে সামনে এগিয়ে নেবে, নতুন বিকাশের রাস্তা দেখাবে। এটাই প্রকৃত ইচ্ছাশক্তি। যেকোনো পরিস্থিতিতেই সামনে এগোতে হবে। আর এমনভাবে এগোতে হবে যেন পাশের কেউ পেছনে না পড়ে আপনার সঙ্গেই যেতে পারে।

 

সূত্র: ডেডলাইন