ভারতের অভিনেতা ও প্রযোজক রঙ্গনাথন মাধবন। সম্প্রতি নিজের বিনিয়োগের অভিজ্ঞতা শেয়ার করতে গিয়ে বলেছেন, সময়ের সঙ্গে বদলানো এবং আর্থিকভাবে সচেতন হওয়া সিনেমা শিল্পে ক্যারিয়ারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি মনে করেন, শুধু অভিনয় বা চলচ্চিত্র নির্মাণে সীমাবদ্ধ না থেকে বহুমুখী আয়ের উৎস থাকা অভিনেতাদের জন্য জরুরি।

মাধবন বর্তমানে মূলত দুবাইয়ে থাকেন, যেখানে তার প্রমোদ তরীর ব্যবসা আছে। পাশাপাশি মুম্বাইয়েও তার সম্পত্তি রয়েছে। তিনি স্মরণ করেন, একসময় রিয়েল এস্টেটকে সবচেয়ে বড় বিনিয়োগ হিসেবে বিবেচনা করতেন, কারণ তখন নগদ অর্থই ছিল গুরুত্বপূর্ণ।

ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেয়া সাক্ষাৎকারে মাধবন বলেন, ‘আমি যে সময়ে অভিনয়ে এসেছি, যখন বেতনের বড় অংশ নগদে দেয়া হতো, আর চেক খুব কম লোক নিত। সিনেমায় নিজের ইচ্ছামতো ক্যারিয়ার গড়তে চাইলে আর্থিক নিরাপত্তা থাকা জরুরি। একসময় রিয়েল এস্টেটই ছিল ভরসা। কারণ অবসরে এটাই কাজে আসবে।’

মাধবন মনে করেন, সময় বদলেছে। এখন শুধু রিয়েল এস্টেটে বিনিয়োগ করলেই হবে না। অভিনেতারা এখন ভিএফএক্স কোম্পানি, প্রডাকশন বা কসমেটিকসের মতো নানা খাতে বিনিয়োগ করে অভিনয়ের বাইরে থেকেও আয় বজায় রাখছেন এবং জীবন চালাচ্ছেন। তার মতে, আর্থিক স্থিতিশীলতা থাকলে অভিনেতারা সৃজনশীলতায় ঝুঁকি নিতে পারেন। এতে তারা প্রযোজকের কাছ থেকে আগাম বড় পারিশ্রমিক দাবি করতে বাধ্য হন না। প্রযোজকরাই এখন সবচেয়ে বড় ভুক্তভোগী।

নতুন বা জুনিয়র শিল্পীদের প্রসঙ্গে মাধবন বলেন, ‘স্বচ্ছভাবে চিন্তা করার জন্য আর্থিক স্থিতিশীলতা খুব দরকার। যদি অর্থের সমস্যা থাকে, তবে অর্ধেক লড়াই হারিয়েই ফেলেছেন। তখন চাপ এত বাড়বে যে শুধু অর্থের জন্য অনেক সময় ভুল সিদ্ধান্ত নিতে হয়। খুব কম তারকাই বলতে পারেন, তার অর্থের দরকার নেই। যত বেশি আর্থিকভাবে সচেতন অভিনেতা আসবেন, তত শিল্পের উপকার হবে।’

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস