ইন্দিরা গান্ধীকে নিয়ে সিনেমা বানাবেন কঙ্গনা রানাওয়াত। ছবির নাম ইমার্জেন্সি। মণিকর্ণিকা: দ্য কুইন অব ঝাঁসির পর আবার পরিচালকের টুপি মাথায় পরতে পেরে খুশি কঙ্গনা। সম্প্রতি নতুন ছবি পরিচালনার ঘোষণা দিয়েছেন বলিউডের আলোচিত-বিতর্কিত এ তারকা।

ইমার্জেন্সি হবে পরিচালক হিসেবে কঙ্গনার দ্বিতীয় ছবি। সামাজিক যোগাযোগ মাধ্যমে কঙ্গনা লিখেছেন, ইন্দিরা গান্ধীর ওপর এ সিনেমা তার চেয়ে ভালো কেউ পরিচালনা করতে পারবে না। সঙ্গে আরো যুক্ত করেছেন, এ ছবি করতে তিনি দৃঢ়প্রতিজ্ঞ এবং এজন্য তিনি অন্য কাজ বাদ দিতেও দ্বিধা করবেন না।

ছবির চিত্রনাট্য নিয়ে কঙ্গনা রানাওয়াত এক বছরের বেশি সময় ধরে লেখক রিতেশ শাহর সঙ্গে কাজ করেছেন। কঙ্গনা জানিয়েছেন, এবার ছবির কাজ শুরু করতে পেরে তিনি খুব রোমাঞ্চিত। ইমার্জেন্সির চিত্রনাট্য লিখছেন রিতেশ শাহ। উল্লেখ্য, রিতেশ এর আগে পিংক, কাহানি, কাহানি টু, ডি-ডে, রকি হ্যান্ডসাম ছবির চিত্রনাট্য লিখেছেন। কঙ্গনার ধাকড় ছবির চিত্রনাট্যও রিতেশের লেখা।

ইমার্জেন্সি ছবিটি অবশ্য ইন্দিরা গান্ধীর বায়োপিক নয়। কঙ্গনা আগের এক বিবৃতিতে সে রকমটাই জানিয়েছেন। বরং ছবিটি হবে পলিটিক্যাল ড্রামা। কঙ্গনার কথায়, ‘এটা ইন্দিরা গান্ধীর বায়োপিক নয়। এটা গ্র্যান্ড পিরিয়ড ফিল্ম। নির্দিষ্ট করে বললে এটা একটা পলিটিক্যাল ড্রামা, যা আজকের প্রজন্মকে বর্তমান ভারতের সমাজ-রাজনীতিকে বুঝতে সহায়তা করবে।’

কঙ্গনার ঝুলিতে এখন বেশ কয়েকটি আলোচিত সিনেমা। জয়ললিতার বায়োপিক থালাইভি মুক্তির অপেক্ষায়। অন্যদিকে তেজাস ছবিতে কাজ করছেন একজন নারী বৈমানিকের চরিত্রে। অর্জুন রামপালের সঙ্গে দেখা যাবে ধাকড় ছবিতে। সব ছবিতেই কঙ্গনার চরিত্র শক্তিশালী, দৃঢ় নারীর। ঝাঁসির রানীর পর কঙ্গনা পর্দায় আনবেন আরেক ভারতীয় নারী যোদ্ধার জীবন—মণিকর্ণিকা: দ্য লিজেন্ড অব দিদ্দা।

 

সূত্র: ইন্ডিয়া টুডে