ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি প্রাঙ্গণে ৯ তারিখ শুরু হয়েছে ‘আমার ভাষার চলচ্চিত্র ১৪২৬’ শীর্ষক চলচ্চিত্র উত্সব। পাঁচ দিনব্যাপী এ উত্সবে প্রদর্শিত হচ্ছে বাংলাদেশ ও ভারতের পশ্চিম বাংলায় নির্মিত সমসাময়িক ও ধ্রুপদী ১৯টি পূর্ণদৈর্ঘ্য এবং তিনটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। প্রদর্শনী ছবির টিকিটের শুভেচ্ছা মূল্য ৩০ টাকা। এ বছর উত্সবের ১৯তম আসরে চলচ্চিত্র প্রদর্শনের পাশাপাশি বাংলাদেশী কালজয়ী সব চলচ্চিত্রের ফেস্টুন ও চলচ্চিত্র কুশলীদের তথ্যচিত্র প্রদর্শিত হবে।

উত্সবের চতুর্থ দিনে আজ পশ্চিম বাংলার প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক অঞ্জন দত্তের উপস্থিত থাকার কথা রয়েছে। এছাড়া এ উত্সবে এর আগে অংশ নিয়েছিলেন নির্মাতা হাসিবুর রেজা কল্লোল এবং ন ডরাই, ইতি তোমারই ঢাকা, কাঠবিড়ালী চলচ্চিত্রের কলাকুশলীরা।

আগামীকাল উত্সবের শেষ দিন প্রতিবারের মতো উপমহাদেশের প্রথম চলচ্চিত্র নির্মাতা হীরালাল সেন স্মরণে অনুষ্ঠিত হবে ‘হীরালাল সেন পদক’ প্রদান ও সমাপনী অনুষ্ঠান। এতে গত বছর মুক্তিপ্রাপ্ত ছবির মধ্য থেকে বাছাই করে সেরা চলচ্চিত্রের পুরস্কার ‘হীরালাল সেন পদক’-এ ভূষিত করা হবে। সমাপনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মোহাম্মদ আখতারুজ্জামান।