ইন্ডিয়ানা জোনস ফাইভের ট্রেলার প্রকাশিত হলো বলে। শনিবার সিনেমাটির ট্রেলার লঞ্চ করলেন পরিচালক জেমস ম্যানগোল্ড ও অভিনেতা হ্যারিসন ফোর্ড। ডিজনির ফ্যান ইভেন্ট ডি টোয়েন্টি থ্রি এক্সপোতে ট্রেলার লঞ্চ করা হয়। সিনেমাটি প্রযোজনা করেছেন স্টিভেন স্পিলবার্গ।
ট্রেলারটি এখনো অনলাইনে প্রকাশ করা হয়নি। তবে হ্যারিসন ফোর্ডের উপস্থিতির কারণে এটি ভক্তদের জন্য ছিল একটি বিশেষ মুহূর্ত। এছাড়া তার সঙ্গে ছিলেন ফিয়োব ওয়াল্টার ব্রিজ। হ্যারিসনের বয়স এখন ৮০ বছর। তারা দুজন দর্শকের কাছ থেকে স্ট্যান্ডিং অভেশন পেয়েছেন। ভক্তরা তাদের জন্য সম্মাননা জানিয়েছেন। তিনি এরপর দর্শকদের বলেন, ‘এটি আমার জন্য একটি বিশেষ সম্মান।’ তিনি ফিয়োবের সম্পর্কে বলেন, ‘কাজটি অসাধারণ হয়েছে।’
ডিজনির ইভেন্টে সিনেমাটি নিয়ে কথা বলেন হ্যারিসন। তিনি বলেন, ‘ইন্ডিয়ানা জোনসের গল্পগুলো রহস্য ও অ্যাডভেঞ্চারের। এর সঙ্গেই গল্পে হূদয়বৃত্তির যোগ আছে। আপনাদের ধাক্কা দেবে এমন গল্পের সঙ্গে আমরা হূদয়ে সাড়া জাগানোর মতো একটা বিষয়ও রাখছি।’ তিনি নিশ্চিত করেছেন, দর্শকরা তাদের পরিচিত চরিত্রকে সেই আগের মতো করেই এ সিনেমায়ও পাবে।
ফিয়োব ওয়াল্টার ব্রিজ এ সিনেমার জন্য তার নিজস্ব ভক্তদের পেয়েছেন। তিনি বলেন, ‘আমি আমার জীবনে অনেকটা সময় এ সিনেমার জন্য দিয়েছি। আপনাদের মতো কিংবদন্তিদের (হ্যারিসনের দিকে তাকিয়ে) সঙ্গে কাজ করতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করি। অবশ্য এর মধ্যে বহু ধরনের কঠিন পরিস্থিতি মোকাবেলা করেছি আমরা।’
এবারের সিনেমায় আরো অভিনয় করছেন ম্যাডস মিকেলস্টন, টমাস ক্রেস্টসম্যান, বয়ড হলব্রুক, সুনেট রেনে উইলসন, টোবি জোনস ও অ্যান্টোনিয়ো ব্যান্ডার্স। সিনেমাটি ২০২৩ সালের ৩০ জুন মুক্তি পাবে।
সূত্র: দি ইন্ডিয়ান এক্সপ্রেস










