নব্বইয়ের দশকের অন্যতম জনপ্রিয় টিভি অভিনেত্রী বিজরী বরকতউল্লাহ। টিভিতে অভিনয়ের পাশাপাশি বিজ্ঞাপনেরও পরিচিত মুখ ছিলেন। বাংলাদেশের সংস্কৃতি অঙ্গনে তিনি নিজস্ব স্থান করে নিয়েছেন। নৃত্যশিল্পী হিসেবেও প্রতিভার স্বাক্ষর রেখেছেন। মাঝে মাঝে উপস্থাপনায় দেখা যায় তাকে। এখনো অভিনয়ে সমান সক্রিয়। সম্প্রতি ‘কারাগার’ ওয়েব সিরিজে ইন্তেখাব দিনারের সঙ্গে দেখা গেছে বিজরীকে। এছাড়া ‘যদি আমি বেঁচে ফিরি’ ওয়েব সিরিজেও অভিনয় করেছেন। এবার ভিকি জাহেদ পরিচালিত ‘দ্য সাইলেন্স’ নামের পাঁচ পর্বের ওয়েব সিরিজে দেখা যাবে তাকে। সেখানে আফরোজা নামে একটি চরিত্রে অভিনয় করেছেন বিজরী। 

ভিকি জাহেদের সিরিজটির পোস্টার প্রকাশ হয়েছে এবং এ নিয়ে দর্শকের মধ্যে আগ্রহ দেখা যাচ্ছে। আর আফরোজা চরিত্রটিকে ঘিরে বিজরীর সহশিল্পীদের মধ্যে প্রবল আগ্রহের সৃষ্টি হয়েছে। সিরিজটিতে যারা কাজ করেছেন, তারা প্রত্যেকেই বিজরীর অভিনয়ের ব্যাপক প্রশংসা করেছেন। পুরো টিম বিজরীর অনবদ্য অভিনয়ে ভীষণ উচ্ছ্বসিত।

ভালোবাসার রূপ ভিন্ন ভিন্ন। সে রকমই এক ভিন্নধর্মী ভালোবাসার গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘দ্য সাইলেন্স’। এতে অভিনয় প্রসঙ্গে বিজরী বরকতউল্লাহ বলেন, ‘সত্যি বলতে কী ভিকি জাহেদের টিম অনেক কষ্ট করেছে। তার সঙ্গে যারা নানা কাজে যুক্ত প্রত্যেকেই শিক্ষিত এবং বেশ জানাশোনা। প্রত্যেকেই যার যার কাজে ভীষণ সিরিয়াস। আমি জীবনে কখনো অভিনয়ের জন্য এত কষ্ট করিনি। এত শ্রম দিইনি। আমরা টানা ১২ দিনেরও বেশি কাজ করেছি। মনে হয়েছিল যেন গল্পের চরিত্রটিই আমি হয়ে গিয়েছিলাম।’ এ সিরিজে বিজরী তুলনামূলক নবীনদের সঙ্গে কাজ করেছেন। এ প্রসঙ্গে বলেন, ‘‌নতুনদের সঙ্গে কাজ করে নিজেকে আরো আপডেট করার সুযোগ পেয়েছি। ভিকি জাহেদের পুরো টিম কাজটাকে ভীষণ ভালোবাসে। যে কারণে তার সবগুলো কাজই প্রশংসনীয় হয়। এ ধরনের গল্পে আরো কাজ করতে চাই আমি।’ 

এদিকে এরই মধ্যে বিজরী অভিনীত দুরন্ত টিভিতে ৩০ পর্বের ধারাবাহিক নাটক ‘এমিলের গোয়েন্দা বাহিনী’র প্রচার শেষ হয়েছে। বিজরী জানান, আগামী ২৯ জানুয়ারি ‘দ্য সাইলেন্স’-এর প্রিমিয়ার অনুষ্ঠিত হবে। আগামী ফেব্রুয়ারিতে প্রচারে আসবে সিরিজটি।