নেটফ্লিক্সের অন্যতম জনপ্রিয় সিরিজ ওয়েনেসডে। এতে অভিনয় করেছেন জেনা ওর্তেগা। সিরিজের দ্বিতীয় সিজন শেষ হয়েছে একটি ক্লিফহ্যাঙ্গারে। সেখানে দেখা যায় আন্ট ওফেলিয়া জীবিত এবং তার লক্ষ্য হলো ওয়েনেসডে অ্যাডামস। তবে ওফেলিয়া চরিত্রটির মুখ দেখানো হয়নি। সিজন ২ প্রকাশের কয়েক মাস পর নির্মাতারা ঘোষণা করেন যে জেমস বন্ড অভিনেত্রী এভা গ্রিন এ চরিত্রে অভিনয় করবেন।

মর্টিসিয়া অ্যাডামসের বোন ওফেলিয়াকে পরিচয় করিয়ে দেয়ার পর নির্মাতারা জানান যে ডার্ক শ্যাডোজ, জেমস বন্ডের ক্যাসিনো রয়্যালের মতো সিনেমার জন্য বিখ্যাত এভা গ্রিন এবার নেটফ্লিক্সের জনপ্রিয় এ শোয় নিয়মিত কাস্ট সদস্য হিসেবে যোগ দিয়েছেন। এমনিতেই সিরিজের তৃতীয় সিজনে পরিবারের পুনর্মিলন এবং কী ঘটে তা দেখার জন্য দর্শকের আগ্রহ তুঙ্গে। এভার যুক্ত হওয়া সে পালে আরো হাওয়া দেবে সন্দেহ নেই।

মঙ্গলবার স্ট্রিমিং জায়ান্ট নেটফ্লিক্স এ নতুন কাস্টিং ঘোষণা করে, আর শোটির ভক্তরা উচ্ছ্বসিত হয়ে ওঠে। অভিনেত্রীর একটি ছবি ও শোর একটি স্টিল শেয়ার করে নেটফ্লিক্স লিখেছে, ‘আন্ট ওফেলিয়া এসেছেন। ওয়েনেসডের তৃতীয় সিজনে এভা গ্রিনকে স্বাগত জানানো হচ্ছে।’

ফরাসি এ অভিনেত্রীকে সিরিজে যুক্ত করা সম্পর্কে স্রষ্টা, শোরানার ও লেখক আল গফ এবং মাইলস মিলার ‘তুড়ুম’কে বলেন, ‘এভা গ্রিন সবসময় পর্দায় এক রোমাঞ্চকর, অনন্য উপস্থিতি নিয়ে আসে। তিনি সুশ্রী ও মনোমুগ্ধকর। মজার ব্যাপার হরর সিনেমায়ও তিনি চমৎকার। এসব গুণ তাকে আন্ট ওফেলিয়ার জন্য নিখুঁত করে তুলেছে। আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি, কীভাবে তিনি চরিত্রটিকে রূপ দেবেন এবং ওয়েনেসডের জগৎকে আরো বিস্তৃত করবেন।’

এদিকে শোটিকে অসাধারণ অভিহিত করে এভা গ্রিন বলেন, ‘আন্ট ওফেলিয়া হিসেবে ওয়েনেসডের এ অদ্ভুত, টুইস্টেড দুনিয়ায় যোগ দিতে পেরে আমি রোমাঞ্চিত।’

চার্লস অ্যাডামসের সৃষ্ট চরিত্রদের ভিত্তিতে নির্মিত এ জনপ্রিয় সিরিজটি ওয়েনেসডে অ্যাডামস ও তার নেভারমোর একাডেমির ছাত্রজীবনের নানা অভিযানের মধ্য দিয়ে যায়। নেটফ্লিক্সের সাম্প্রতিক সিরিজগুলোর মধ্যে এটি দর্শকসাড়া ও পছন্দের তালিকার শীর্ষে আছে।

সূত্র: ইয়ন