জিটিভির নিয়মিত অনুষ্ঠান ‘শিক্ষা-সংস্কৃতি অনির্বাণ’। প্রতি পর্বেই সংস্কৃতি জগতের একজন ব্যক্তিত্ব এই আয়োজনে উপস্থিত হন অতিথি হিসেবে। আলোঘর প্রকাশনা নিবেদিত এই অনুষ্ঠানটি উপস্থাপনা করছেন কথাসাহিত্যিক ইকবাল খন্দকার। আর এই অনুষ্ঠানে অতিথি হয়ে আসছেন দেশের শিক্ষা ও সংস্কৃতি অঙ্গনের স্বনামধন্য মানুষেরা। দেখতে দেখতে ৪৯ পর্ব পার করেছে আয়োজনটি। নিয়মিত প্রচারে থাকা আয়োজনের এবার ৫০তম পর্ব। এই পর্বে অতিথি হয়ে এসেছেন আলোঘর প্রকাশনার প্রকাশক প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মো. শহিদ উল্লাহ। পর্বটি আজ রাত ৮টা ৩০ মিনিটে জিটিভিতে প্রচার হবে।

এই পর্বে অন্যান্য বিষয়ের সঙ্গে এসেছে অনুষ্ঠানটির পরিকল্পনা। একান্ত আলাপচারিতায় শহিদ উল্লাহ প্রকাশ করেছেন এই অনুষ্ঠান সংক্রান্ত বিভিন্ন পরিকল্পনার কথা। জীবনী ও স্মৃতিচারণমূলক এই আয়োজন সম্পর্কে ইকবাল খন্দকার বলেন, ‘একটি অনুষ্ঠানের এতগুলো পর্ব প্রচার হওয়া নিঃসন্দেহে আনন্দের বিষয়। দর্শকের ভালোবাসা না থাকলে এমনটা কোনোভাবেই সম্ভব হয় না। ইতোমধ্যে অনুষ্ঠানটি সৃজনশীল দর্শকের পছন্দের তালিকায় স্থান করে নিয়েছে। আশা করছি বিশেষ এই পর্বটি অর্থাৎ ৫০তম পর্বটিও সবাই পছন্দ করবেন।’

আর অতিথি মো. শহিদ উল্লাহ বলেন, ‘শিল্প-সংস্কৃতি বিষয়ক এমন একটি অনুষ্ঠানের সঙ্গে আমরা যুক্ত আছি, এটা আমাদের জন্য গর্বের। আমাদের প্রতিষ্ঠানের প্রত্যাশা, দেশের শিল্প-সংস্কৃতিতে যেন নতুন মাত্রা যোগ হয়। আর সেই প্রত্যাশার কথাই ব্যক্ত করেছি অনুষ্ঠানটির ৫০তম পর্বে। আশা করছি বিগত পর্বগুলোর মতো এই পবটিও দর্শক পছন্দ করবেন।’