কভিড সংশ্লিষ্ট অনিশ্চয়তা সত্ত্বেও চীনে দারুণ সূচনা করেছে ‘অ্যাভাটার: দ্য ওয়ে অব ওয়াটার’। ধারণা করা হচ্ছে, এই উইকএন্ড বা প্রথম তিন দিনে আয় ১২ কোটি ডলার ছাড়িয়ে যেতে পারে। খবর হলিউড রিপোর্টার।

স্থানীয় বক্স অফিস কনসালটেন্সি আর্টিসান গেটওয়ে অনুসারে, গতকাল বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) রাতের প্রিভিউ শোসহ শুক্রবার স্থানীয় সময় বেলা ১২টা পর্যন্ত ছবিটি এক কোটি ৫২ লাখ ডলার আয় করেছে। এ অনুসারে রোববার পর্যন্ত সপ্তাহান্তে ১১ কোটি ৯০ লাখ থেকে ১২ কোটি ৮০ লাখ ডলারের পূর্বাভাস দেয়া হয়েছে।

চীনের বৃহত্তম টিকিটিং অ্যাপ মাওয়ানের পূর্বাভাস হিসেবে, ‘দ্য ওয়ে অব ওয়াটার’ স্থানীয় বাজারে ৩৬ কোটি ডলার আয় করবে। যা সিনেমাটিকে বছরের সবচেয়ে বড় হলিউডে ব্লকবাস্টারে পরিণত করবে। এর আগে ‘জুরাসিক ওয়ার্ল্ড’ আয় করে ১৫ কোটি ৭০ লাখ ডলার। আর পূর্বাভাস সত্য হলে, ‘অ্যাভাটার টু’ পরিণত হতে পারে চীনে সর্বকালের শীর্ষ আয়ের তৃতীয় হলিউড সিনেমায়।

কভিড পরিস্থিতিতে লক্ষ্যমাত্রা পূরণ কঠিন মনে করা হলেও আর্টিসান গেটওয়ের মতে ‘অ্যাভাটার: দ্য ওয়ে অব ওয়াটার’ ৩০ কোটি ১৫ লাখ থেকে ৪০ কোটি ১৫ লাখের মাঝে আয় করতে পারে। প্রতিষ্ঠানটি জানায়, দুই সপ্তাহ আগে অর্ধেক সিনেমা হল চালু থাকলেও দেশটিতে এই হার এখন ৭৫ শতাংশ।

চীনে হলিউড সিনেমার জনপ্রিয়তার পেছনে ‘অ্যাভাটার’-এর বিশেষ অবদান রয়েছে। ২০১০ সালে মুক্তি পাওয়া জেমস ক্যামেরনের প্রথম সিনেমাটি ২০ কোটি ২৬ লাখ ডলার আয় করে। ওই সময় দেশটিতে পর্দা ছিল পাঁচ হাজার ৬৯০, এক যুগের ব্যবধানে সেই সংখ্যা দাঁড়িয়েছে ৮২ হাজারের বেশি। গত বছরের মার্চেও সিনেমাটি চীনে আরেক দফা মুক্তি দেয়া হয়। তখন ৫ কোটি ৮০ লাখ ডলার আয় করে।