শুক্রবার মুক্তি পেয়েছে বহুল প্রতীক্ষিত সিনেমা বান্টি অর বাবলি টু। প্রথম কিস্তি ব্যবসাসফল হওয়ায় রানী মুখার্জি ও সাইফ আলি খান অভিনীত সিনেমার দ্বিতীয় কিস্তি আনা হলো। তবে অনেকেরই প্রশ্ন, ১৬ বছর পর সিনেমাটি কি আবার চমক দেখাতে পারবে? এছাড়া দর্শকদের কাছে অগ্নিপরীক্ষায় উত্তীর্ণ হওয়ার আগে সবার মনে কোটি টাকার প্রশ্ন, বান্টি অর বাবলির শুটিংয়েও কি নির্মাতাদের এত সময় লেগেছিল?
এ প্রশ্নের উত্তর জানিয়েছেন সিনেমার বাবলি চরিত্রে অভিনয় করা বলিউড অভিনেত্রী রানী মুখার্জি। বলিউডলাইফকে দেয়া এক সাক্ষাত্কারে বান্টি অর বাবলি টুর জন্য ১৬ বছর অপেক্ষার আসল কারণ জানান তিনি।
অবশেষে সিনেমার দ্বিতীয় কিস্তি উন্মোচন হওয়ায় দীর্ঘদিনের গভীর ঘোরের মধ্যে থাকা বিষয়গুলো স্পষ্ট হতে যাচ্ছে বলে উল্লেখ করেন রানী মুখার্জি। তিনি বলেন, একই সিনেমা তখনই পুনরায় দর্শকরা দেখেন, যখন এতে নতুনত্ব ও দেখার যোগ্য কিছু থাকে।
রানী বলেন, বান্টি অর বাবলি খুব ভালোভাবে তৈরি হওয়ায় আমার অনেক বেশি পছন্দ হয়েছিল। আজও আমার সংগ্রহশালার প্রিয় চলচ্চিত্রের একটি এ সিনেমা। তাই আমরা এত দিন চাইলেও সিনেমার দ্বিতীয় কিস্তিতে ফিরতে পারিনি। দর্শকদের ওপর নতুন কিস্তি চাপিয়ে দিতে চায়নি যশরাজ ফিল্ম।
বলিউড এ অভিনেত্রী বলেন, প্রথম ছবির কয়েক বছর পর শাদ আলির (বান্টি অর বাবলির পরিচালক) সঙ্গে একটি দৃশ্য নিয়ে আলোচনা হয়েছিল। কিন্তু তিনি অন্য একটি সিনেমা নিয়ে ব্যস্ত হয়ে পড়েন। পরে যখন বরুণ ভি. শর্মা (বান্টি অর বাবলি টুর পরিচালক) সিনেমার স্ক্রিপ্ট নিয়ে এলেন, তখন মনে করলাম আমাদের কাছে শেষ পর্যন্ত সিনেমা তৈরির মতো কিছু একটা আছে। এজন্যই এত সময় লেগেছে।
রানী আরো উল্লেখ করেন, প্রথম ছবির জনপ্রিয়তা এবং দর্শকদের ভালোবাসা নতুন ছবির স্ক্রিপ্ট নির্বাচনের জন্য অপেক্ষা বাড়িয়েছে। সঠিক স্ক্রিপ্টের জন্য অপেক্ষা করেছি আমরা। এদিকে এ সিনেমার মধ্য দিয়ে ১২ বছর পর আবারো জুটি বেঁধেছেন সাইফ আলি খান ও রানী মুখার্জি। সাইফ-রানী জুটির অন্যতম সিনেমা হাম তুম। বরুণ ভি. শর্মা পরিচালিত বান্টি অর বাবলি টু সিনেমায় আরো অভিনয় করেছেন সিদ্ধান্ত চতুর্বেদী এবং নবাগত শর্বরী।
গত বছর জুনে সিনেমাটি মুক্তির কথা থাকলেও তা পিছিয়ে চলতি বছর এপ্রিলে নির্ধারণ করা হয়। তবে
করোনা মহামারীর কারণে সেই তারিখও স্থগিত করা হয়।
সূত্র: বলিউডলাইফ










