আরকে নারায়ণের উপন্যাস থেকে নির্মিত সিনেমা ‘‌গাইড’। ভারতের অন্যতম সেরা সিনেমা হিসেবে বিবেচনা করা হয় একে। সিনেমাটিতে অভিনয় করছিলেন ওয়াহিদা রেহমান ও দেব আনন্দ। সিনেমাটি পরিচালনা করেছিলেন দেব আনন্দের ভাই বিজয় আনন্দ। কিন্তু সম্প্রতি ওয়াহিদা রেহমান জানালেন সত্যজিৎ রায় গাইড নির্মাণ করতে চেয়েছিলেন।

ওয়াহিদা রেহমানকে নিজের সিনেমায় নিয়েছিলেন সত্যজিৎ। ১৯৬২ সালে মুক্তি পায় সত্যজিৎ পরিচালিত ‘অভিযান’। এ সিনেমায় গুলাবি চরিত্রে অভিনয় করেছিলেন ওয়াহিদা। ওয়াহিদার ক্যারিয়ার তখন তৈরি হচ্ছে। বাণিজ্যিক সিনেমার পাশাপাশি এমন একটি সিনেমা তার ক্যারিয়ারের জন্য উপকারীই হয়েছিল। এ সূত্রেই তার সঙ্গে গাইড নিয়ে কথা হয়েছিল সত্যজিতের। অভিনেত্রী জানান, সত্যজিৎ নিজে ‘গাইড’ উপন্যাসটির স্বত্ব নিতে চেয়েছিলেন। ছবিতে নায়িকা হিসেবে তিনি নাকি ওয়াহিদাকেই ভেবেছিলেন। সিনেমায় নাচের বেশকিছু দৃশ্য ছিল বলেই এ চিন্তা। দক্ষিণী অভিনেত্রীরা নৃত্যে পারদর্শী হন, এ ভাবনা তার মনে ছিল। ফলে ছবির মুখ্য চরিত্র হিসেবে স্বাভাবিকভাবেই ওয়াহিদা ছিলেন সত্যজিতের প্রথম পছন্দ।

কিন্তু সে রকম ঘটনা ঘটেনি। সিনেমাটি নির্মাণ করা হয়নি সত্যজিতের। দুই বছরের মাথায় দেব আনন্দ প্রযোজনা করেন সিনেমাটি। সেখানেও নায়িকা হিসেবে প্রস্তাব দেন ওয়াহিদাকে। ওয়াহিদা বলেন, ‘‌আমি পরিচালক হিসেবে দেব আনন্দের কাছে সত্যজিতের নাম প্রস্তাব করেছিলাম। কিন্তু দেব জানান, সিনেমাটি বিজয় আনন্দ পরিচালনা করবেন।’ তিনি আরো জানান, সত্যজিৎ যে ছবিটি করতে চেয়েছিলেন সে খবরও তার জানা ছিল।

ওয়াহিদা রেহমান মনে করেন, সত্যজিৎ ছবিটি পরিচালনা করলে গাইড অন্যভাবে দর্শকের সামনে হাজির হতো। তিনি বলেন, ‘কিন্তু রোজ়ির চরিত্রে অভিনয় করা হয়তো আমার কপালে লেখা ছিল। কে পরিচালক সেটা বড় কথা নয়।’ এছাড়া চরিত্রটি নিয়ে আরো অনেকের আগ্রহ ছিল। ওয়াহিদা বলেন, ‘সে সময় বহু নায়িকা ওই চরিত্রে অভিনয় করতে চেয়েছিলেন। এমনকি অনেকে আমাকে চিঠি লিখে জানিয়েছিলেন, কোনো কারণে চরিত্রটি আমি করতে না পারলে তারা রাজি আছেন।’

গাইড করা হয়নি সত্যজিতের, কিন্তু অভিযানের সময় সত্যজিৎ তাকে বলেছিলেন, যদি ভবিষ্যতে কখনো হিন্দি সিনেমা পরিচালনা করেন, তা হলে নিশ্চয়ই ওয়াহিদার কথা ভাববেন। কথা রাখার চেষ্টা ছিল সত্যজিৎ রায়ের। ‘শতরঞ্জ কি খিলাড়ি’র কাস্টিংয়ের সময়ে সত্যজিৎ ফোন করেছিলেন অভিনেত্রীকে। সত্যজিৎ তাকে বলেছিলেন, ‘‌ওয়াহিদা আমি তোমাকে নেব বলেছিলাম। কিন্তু আমার মনে হচ্ছে, এ সিনেমার চরিত্রটা তোমার সঙ্গে মানাবে না।’

সূত্র: ইন্ডিয়া টুডে