দেশের ব্যস্ত অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। দুই বাংলায়ই সমানভাবে জনপ্রিয় ও পরিচিত তিনি। তবে এবার অভিনয় নয় বরং নিজের কণ্ঠ দিয়ে নতুন যাত্রা করলেন এ অভিনেত্রী। ভারতের জনপ্রিয় রেডিও স্টেশন রেডিও মিরচি। আর এখানকার জনপ্রিয় অনুষ্ঠান ‘সানডে সাসপেন্স’। ২০০৯ সাল থেকে শ্রোতাদের মন কেড়েছে এ জনপ্রিয় অনুষ্ঠানটি। এবার এ প্লাটফর্মে নিজের ছাপ রাখলেন বাংলাদেশের। শমীতা দাশগুপ্তর লেখা গল্প ‘মৌমাছির শোক’-এ কণ্ঠ দিয়েছেন এ অভিনেত্রী। গল্পটি মূলত ‘ছায়া জগতের গল্প’ বই থেকে নেয়া। অসাধারণ ও রোমাঞ্চকর এ গল্পে রোকসানা চরিত্রে কণ্ঠ দিয়েছেন মিথিলা।

গল্পটি রোববার রেডিও মিরচিতে প্রকাশের পর থেকেই সাড়া ফেলেছে। ইউটিউবেও সানডে সাসপেন্সের গল্পটি দুই ভাগে বিভক্ত করে প্রকাশ পাওয়ার পর ভারতের সীমানা ছাড়িয়ে বাংলা ভাষাভাষীদের মাঝেও প্রশংসা কুড়াচ্ছে। 

এ প্রসঙ্গে মিথিলা বলেন, তিনজন নারীকে ঘিরে এ গল্পের মূল কাহিনী। এ নাটকে মূল তিন নারী চরিত্রের একজনের কণ্ঠে অভিনয় করেছি আমি। আমার কণ্ঠ চরিত্রের নাম রোকসানা। অভিবাসী এক নারীর চরিত্র এটি। 

রাফিয়াত রশিদ মিথিলা ছোট পর্দা দিয়ে অভিনয়ের সূচনা করেন। এরপর বড় পর্দা ও ওটিটি প্লাটফর্মেও দাপটের সঙ্গে অভিনয় করছেন। তবে এবারই প্রথম রেডিওর কোনো গল্পে কণ্ঠাভিনয় দিয়ে মুগ্ধ করলেন তিনি। 

সর্বশেষ অনন্য মামুন পরিচালিত ‘অমানুষ’ সিনেমায় অভিনয় করেছেন মিথিলা। ১৭ জুন বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায় সিনেমাটি।