সুশান্ত সিং রাজপুতের মৃত্যুরহস্যের মামলা প্রতিদিনই নতুন নতুন বাঁক নিচ্ছে। জন্ম হচ্ছে নতুন তর্ক-বিতর্কের। মামলাটির তদন্তে যুক্ত আছে ভারতের তিনটি কেন্দ্রীয় সংস্থা, যার মধ্যে আছে সিবিআই।
আগস্ট মাসে সিবিআইয়ের অনুরোধে তদন্তে সহায়তার জন্য ডা. সুধীর গুপ্তের নেতৃত্বে একটি ফরেনসিক বিশেষজ্ঞ দল গঠন করা হয়। ফরেনসিক বিশেষজ্ঞরা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুকে আত্মহত্যা হিসেবেই মনে করছেন। সংশ্লিষ্ট পাঁচ সদস্যের কমিটি তাদের অনুসন্ধান শেষে সুশান্তকে বিষ প্রয়োগ বা গলার ফাঁস দিয়ে হত্যার অভিযোগের সত্যতা পায়নি। গণমাধ্যমে এ বিষয়ে সংবাদ প্রকাশিত হওয়ার পর প্রতিক্রিয়া জানিয়েছেন সুশান্তের পরিবারের আইনজীবী বিকাশ সিং।
প্রতিক্রিয়া জানাতে গিয়ে বিকাশ সিং টুইটারে লিখেছেন, তিনি এআইআইএমএসের রিপোর্টের বিষয়ে আমরা বিচলিত। সিং আরো লেখেন যে সিবিআই পরিচালকের কাছে তিনি নতুন ফরেনসিক দল গঠনের অনুরোধ জানাবেন।
বিকাশ সিং প্রশ্ন তুলেছেন মৃতদেহ ছাড়াই কীভাবে এআইআইএমএস চূড়ান্ত প্রতিবেদন তৈরি করতে পারে। তাছাড়া কুপার হসপিটালে করা সুশান্তের ময়নাতদন্তকে খুবই দুর্বল বলে উল্লেখ করেন তিনি। প্রতিবেদনে সুশান্তের মৃত্যুর সময়ও উল্লেখ ছিল না বলে জানিয়েছেন তিনি।
অন্যদিকে সুশান্তের বোন শ্বেতা সিং কীর্তি সোস্যাল মিডিয়ার পোস্টে সবাইকে ঈশ্বরের ওপর ভরসা রেখে প্রার্থনা করতে বলেছেন। তিনি লিখেছেন সত্য নিশ্চয়ই প্রকাশিত হবে।
সূত্র: ডিএনএ










