ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে স্বপ্নের ‘‌নৈঃশব্দ্যের শব্দ’ আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে নতুন একটি আইডিয়া দিয়ে এ দিবসের চেতনাকে শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশের রিটেইল ব্র্যান্ড সুপারশপ ‘স্বপ্ন’। বাকশক্তি রহিত বিশেষ চাহিদা সম্পন্ন মানুষদের নিয়ে বানানো হয়েছে স্বপ্নের একটি ওভিসি (অনলাইন ভিডিও কমিউনিকেশন)। যেখানে দেখা যাচ্ছে, সুপারশপে গিয়ে একটি শিশু বিস্ময়ের সঙ্গে বাকশক্তিরহিত সেলসকর্মীরা কীভাবে সাইন ল্যাংগুয়েজ ব্যবহার করেন, তা লক্ষ করে এবং শেখা শুরু করে ঘরে। আর মেয়ের এ আগ্রহ দেখে মা তো রীতিমতো অবাক । 

২১ ফেব্রুয়ারির সকালে এমন একটি ওভিসি দর্শকদের সামনে হাজির করেছে স্বপ্ন। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মডেল-অভিনেত্রী দিলরুবা দোয়েল, শিশু মডেল সাফা ও জান্নাতুল ফেরদৌস। ভিডিওটি নির্মাণ করেছে স্বপ্নর ক্রিয়েটিভ টিম। স্বপ্নর পেইজে সূর্য বিশ্বাস দীপ্ত নামে এক ক্রেতা কমেন্ট বক্সে লিখেছেন, আমি যেদিন দেখেছিলাম, এমন মানুষরাও সেখানে সুযোগ পেয়েছে কাজের এবং আমার বিলটাও এমন কারো কাছে দেয়ার সুযোগ হয়েছিল, খুব ভালো লেগেছিল। চিরকুট ব্যান্ডের প্রধান ভোকালিস্ট শারমীন সুলতানা সুমি লিখেছেন, ব্রিলিয়ান্ট। সংগীত পরিচালক অদিত রহমান ওভিসিটি শেয়ার দিয়ে লিখেছেন, বিউটিফুল ওয়ার্ক। সাব্বির নাসির, মাহাদী ফয়সাল এবং পুরো টিমের জন্য ভালোবাসা। জানা যায়, স্বপ্নর একাধিক আউটলেটে এমন বিশেষ চাহিদা সম্পন্ন ২১ জন বিভিন্ন পদে সফলতার সঙ্গে দীর্ঘ সময় ধরে কাজ করছেন।