প্রথম ভারতীয়
হিসাবে কয়েক মাস আগেই ফিফা বিশ্বকাপের ট্রফি উদ্বোধন করেছিলেন বলিউডের নায়িকা দীপিকা
পাডুকোন। এরপরই পাঠান-এর সাফল্য। এর মধ্যেই আরেকটি বড় অর্জনের পথে দীপিকা। অস্কার মঞ্চ
থেকে ডাক পেয়েছেন তিনি। বৃহস্পতিবার রাতে প্রকাশিত হয়েছে ২০২৩ সালের অস্কার বিতরণকারীদের
নাম। সেই তালিকায় একমাত্র ভারতীয় হিসাবে নাম রয়েছে দীপিকার।
৯৫তম অ্যাকাডেমি
পুরস্কার ঘোষিত হতে চলেছে আগামী ১২ মার্চ। কলাকুশলীদের পুরস্কৃত করার জন্য অস্কার মঞ্চে
উপস্থিত থাকবেন দেশ-বিদেশের তারকারা। তাদের সঙ্গে থাকবেন দীপিকাও। এর আগে ২০২২ সালে
প্রিয়াঙ্কা চোপড়া গিয়েছিলেন অস্কার বিতরণে।
এ বছর অস্কার দৌড়ে এগিয়ে আছে ভারতের তিন ছবি। এস এস রাজামৌলির ‘আরআরআর’ ছবির ‘নাটু নাটু’ গানটি সেরা মৌলিক গানের বিভাগে মনোনীত হয়েছে। দুটি ভারতীয় তথ্যচিত্রও রয়েছে মনোনয়নের তালিকায়। একটি হল শৌনক সেন পরিচালিত ‘অল দ্যাট ব্রিদস’ এবং অন্যটি কার্তিকি গোন্সালভেস পরিচালিত স্বল্প দৈর্ঘ্যের ছবি ‘দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স’।










