নাটকে পরিচিত মুখ পারসা ইভানা। ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকের মাধ্যমে পরিচিতি পান এ অভিনেত্রী। কাজের সংখ্যা খুব বেশি না হলেও অভিনয় দক্ষতায় নিজেকে প্রমাণ করে যাচ্ছেন তিনি। নিজেকে আরো দক্ষভাবে গড়তে সম্প্রতি দেশের বাইরে অভিনয়ের কোর্সও সম্পন্ন করেছেন।
চার মাসেরও বেশি সময় যুক্তরাষ্ট্রে কাটিয়ে দেশে ফিরেছেন ইভানা। সেখানে নিউইয়র্কের ‘দ্য ফ্রিম্যান স্টুডিও’-তে করেছেন অভিনয়ের শর্ট কোর্স। অডিশনের মাধ্যমে সুযোগ পাওয়া এ আন্তর্জাতিক কোর্সে সব শিক্ষার্থীর মধ্যে একমাত্র বাঙালি ছিলেন তিনি। ইভানা জানান, সপ্তাহে দুইদিন ক্লাস হলেও কাজের প্রস্তুতিতে সবসময় ব্যস্ত থাকতে হতো। হাতে-কলমে শেখার সুযোগ ছিল, যা বাড়িয়েছে আত্মবিশ্বাস। ধৈর্য ও ডিসিপ্লিন—এ দুটিই কোর্সটি থেকে সবচেয়ে বেশি শিখেছেন বলে জানান তিনি।
অভিনয়ের নতুন অভিজ্ঞতা কাজে লাগিয়ে এরই মধ্যে একটি নতুন ওয়েব ফিল্মের কাজ শেষ করেছেন তিনি। শরাফ আহমেদ জীবনের পরিচালনায় নির্মিত এ ফিল্মে তার বিপরীতে অভিনয় করেছেন মোশাররফ করিম। ফিল্মটি আসছে ডিসেম্বরে। এছাড়া নতুন আরেকটি নারীপ্রধান ওয়েব ফিল্মেও কাজ চূড়ান্ত হয়েছে তার। একজন নারী ক্রিকেটারের চরিত্রে দেখা যাবে তাকে। শুটিং শুরুর আগেই ফিল্মটি নিয়ে কথা বলার অনুমতি না থাকলেও ইভানা জানিয়েছেন, চরিত্রটি তার জন্য একেবারেই নতুন ও চ্যালেঞ্জিং।
নারীপ্রধান গল্পের অভাব নিয়েও মত দেন অভিনেত্রী। তিনি মনে করেন, দেশে নারীকে কেন্দ্র করে ভালো গল্পের কাজ কম হয়। অনেক নির্মাতাই অভিনেতাদের আগ্রহ না থাকায় নারীপ্রধান চরিত্রে বিকল্প ভাবতে বাধ্য হন।
ওটিটিতে নিয়মিত থাকলেও নাটকে বর্তমানে কাজ করছেন না ইভানা। নাটকের প্রস্তাব পেলেও মনে ধরার মতো গল্প বা চরিত্র পাচ্ছেন না। তিনি বলেন, ভালো গল্প ও ভালো পরিচালক হলে অবশ্যই নাটকে ফিরবেন। বৈচিত্র্যময় চরিত্রে অভিনয় করতে চান পারসা। কমেডিতে বেশি দেখা গেলেও তার পছন্দ রোমান্টিক, থ্রিলার ও সিরিয়াস ঘরানার গল্প। একই ধরনের চরিত্রে বারবার দেখা যেতে না চাওয়ায় এখন আর আগের মতো ব্যস্ত নন তিনি। মনে রাখার মতো চরিত্রে অভিনয়ক করতে চান এখন।
সিনেমায় কাজের প্রস্তাব পেলেও এখনো বড় পর্দায় নাম লেখাননি ইভানা। তার বক্তব্য, গল্প ও চরিত্র পছন্দ হলে অবশ্যই সিনেমা করবেন। ‘মনপুরা’ কিংবা ‘আয়নাবাজি’র মতো মানসম্মত চলচ্চিত্রেই তার আগ্রহ বেশি। তার কাছে অভিনয়টাই গুরুত্বপূর্ণ—মাধ্যম নয়। গল্প ভালো হলে যেকোনো মাধ্যমেই কাজ করতে প্রস্তুত তিনি।










