ঢাকাই সিনেমার পরিচিত মুখ আঁচল আঁখি। একাধিক সিনেমায় অভিনয় করে দর্শকের নজর কেড়েছেন তিনি। চলতি বছর একাধিক সিনেমা মুক্তির অপেক্ষায় আছেন। তবে নতুন বছরের শুরু করলেন মিউজিক ভিডিও দিয়ে। সংগীতশিল্পী সৈয়দ অমির ‘মাতাল’ গানের ভিডিওতে ভিন্ন লুকে হাজির হয়েছেন আঁচল।
মিউজিক ভিডিওটি প্রকাশের পর দর্শকের কাছ থেকে সাড়া পাচ্ছেন বলে জানান এ অভিনেত্রী। এ প্রসঙ্গে আঁচল বলেন, ‘দক্ষিণের আদলে মিউজিক ভিডিওটি নির্মিত হয়েছে। এটি একটি ভিন্ন ধাঁচের মিউজিক ভিডিও এবং এ লোকেশনে এটি প্রথমবারের মতো চিত্রায়ণ হয়েছে। এতে দর্শক সিনেমার স্বাদ পাচ্ছে শুনেছি অনেকের কাছেই। সিনেমার আদলে ভিডিওটি তৈরি হয়েছে। এ রকম মিউজিক ভিডিও খুব কমই হয়। গানটি প্রকাশের পর অনেকেই তাদের ভালো লাগার কথা জানিয়েছেন।’ গানটি নিয়ে সৈয়দ অমি বলেন, ‘এটি আমার অনেক পছন্দের একটি গান। গানের সঙ্গে মিল রেখে একটি গল্প তৈরি করে ভিডিওটি নির্মিত হয়েছে। গানটি প্রকাশ্যে আসতেই সাড়া পাচ্ছি।’
অন্যদিকে ২০১১ সালে ‘ভুল’ সিনেমা দিয়ে চলচ্চিত্রে নাম লেখান আঁচল। তার অভিনীত ‘জটিল প্রেম’ সিনেমাটি দর্শকমহলে প্রশংসিত হয়। এরপর জুটি বেঁধেছেন শাকিব খান, বাপ্পি চৌধুরী, আরিফিন শুভর সঙ্গে। বর্তমানে মুক্তির অপেক্ষায় আছে তার বেশ কয়েকটি সিনেমা। এর মধ্যে রয়েছে ‘কর্পোরেট’, ‘চিৎকার’, ‘আয়না’, ‘কাজের ছেলে’, ‘যমজ ভুতের গল্প’, ‘চাঁদনী’ ও ‘এক পশলা বৃষ্টি’ সিনেমাগুলো। চলতি বছরই সিনেমাগুলো মুক্তি পাওয়ার কথা রয়েছে বলে জানান অভিনেত্রী। আঁচল জানান, বর্তমানে আরো কিছু কাজের প্রস্তাব পেয়েছেন। সেখান থেকে ভালো গল্প দেখেই শুটিং শুরু করবেন। আসন্ন সিনেমাগুলো নিয়েও আশাবাদী এ অভিনেত্রী।










