কিছুটা বিরতি নিয়ে ভিন্নভাবে বড় পর্দায় ফের মাহিয়া মাহির উপস্থিতি। গতকাল দেশের ২১টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে মাহি অভিনীত সিনেমা ‘বুবুজান’। সিনেমাটি পরিচালনা করেছেন শামীম আহমেদ রনি। নারী নির্যাতনবিরোধী গল্প নিয়েই এ সিনেমা। প্রতিনিয়ত আমাদের সমাজে নারীদের নির্যাতনের মধ্য দিয়ে যেতে হচ্ছে। নারী নির্যাতনের বিরুদ্ধে সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই সিনেমাটা নির্মাণ করেছেন নির্মাতা। বুবুজানের পোস্টারেও লেখা ‘স্টপ ভায়োলেন্স এগেইনস্ট উইমেন’। সিনেমাটির গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন মাহিয়া মাহি। বুবুজান নিয়ে মাহি বলেন, ‘এ ধরনের গল্পে আগে অভিনয় করিনি। গল্পপ্রধান সিনেমা বুবুজান। আমার বিশ্বাস, সবাই একটা ভালো কিছু নিয়ে বাসায় ফিরবেন। সুন্দর একটা ম্যাসেজ আছে সিনেমার গল্পে।’
সিনেমায় মাহিয়া মাহির ভাইয়ের চরিত্রে অভিনয় করেছেন এ প্রজন্মের চিত্রনায়ক শান্ত খান। তার সঙ্গে জুটি বেঁধেছেন চিত্রনায়িকা নিশাত নাওয়ার সালওয়া।
শান্ত খান বলেন, ‘সিনেমার গল্পটি বোননির্ভর। নায়ক মান্না স্যারের আম্মাজান সিনেমায় যেমন মায়ের জন্য পাগল ছিলেন, এ সিনেমায় আমি তেমন বুবু বলতেই পাগল। সিনেমায় মাহিয়া মাহি আপু আমার বড় বোনের ভূমিকায় আছেন। গল্পে প্রতিবাদী এক ভাইয়ের ভূমিকায় দেখা যাবে আমাকে।’
বুবুজান সিনেমার অন্যান্য চরিত্রে আরো অভিনয় করেছেন সাবেরী আলম, শিবা শানু, কমল পাটেকর প্রমুখ। সিনেমাটি প্রযোজনায় রয়েছে শাপলা মিডিয়া।
মাহিয়া মাহি ২০১২ সালে জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত ভালোবাসার রঙ চলচ্চিত্রের মাধ্যমে অভিনয় জীবন শুরু করেন। একাধিক দর্শকপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন এ অভিনেত্রী।










