ভিন্নধর্মী কনটেন্ট নির্মাণের জন্য দর্শকমহলে সমাদর পাচ্ছে ওটিটি প্লাটফর্মগুলো। আমাদের দেশের ওটিটি প্লাটফর্মগুলোও দর্শকের কথা ভেবে ভিন্নধর্মী কনটেন্ট নিয়ে আসছে। এবার সে ধারা বজায় রেখে ওটিটিতে মঞ্চনাটক নিয়ে আসার উদ্যোগ নিয়েছে ওটিটি প্লাটফর্ম আইস্ক্রিন।
‘ওটিটিতে মঞ্চনাটক, চ্যানেল আইতে মঞ্চনাটক, মঞ্চনাটক দেখুন, নাট্যকর্মীদের সঙ্গে থাকুন, মঞ্চনাটক সত্যি কথা বলে’-এ স্লোগান নিয়ে আগামীকাল থেকে আইস্ক্রিনে শুরু হচ্ছে মঞ্চনাটকের যাত্রা। এ উপলক্ষে সোমবার চ্যানেল আই স্টুডিওতে ‘মঞ্চনাটক সম্পর্কে আলাপ আলোচনা’ শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের মূল মঞ্চে উপস্থিত ছিলেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, বাংলাদেশের মঞ্চ আন্দোলনের অন্যতম পথিকৃৎ, নাট্যকার, নির্দেশক ও একুশে পদকপ্রাপ্ত অভিনেতা মামুনুর রশীদ, আইস্ক্রিনের প্রকল্প পরিচালক রিয়াজ আহমেদ, নাট্যকার মাসুম রেজা ও ঝুনা চৌধুরী।
আলোচনায় মামুনুর রশীদ বলেন, ‘ওটিটির সুবিধা হলো যখন খুশি দেখা যায়। এ প্লাটফর্ম যতদিন টিকে থাকবে, ততদিন পর্যন্ত এ প্রোগ্রামগুলো দেখতে পাব। আমরা চাচ্ছি ইতিহাসটা থাকুক। আর তার মধ্য দিয়ে যদি কিছু দর্শক তৈরি করতে পারি।’
অনুষ্ঠানে জানানো হয়েছে হবিগঞ্জের ‘জীবন সংকেত’ নাট্যগোষ্ঠীর মঞ্চনাটক ‘জ্যোতি সংহিতা’ দিয়ে আগামীকাল আইস্ক্রিনে শুরু হচ্ছে মঞ্চনাটকের যাত্রা। অনুষ্ঠানে নাটকটির অংশবিশেষ দেখানো হয়েছে। মঞ্চনাটক নিয়ে আলোকপাত করেন রুমা মোদক, হৃদি হক, আহমেদ গিয়াস, সমাপ্তি মাসুক, আনন্দ আলো সম্পাদক রেজানুর রহমান প্রমুখ। এ সময় জ্যোতি সংহিতা নাটকের থিম সং পরিবেশন করেন কামরুজ্জামান রনি।










