তেলেগু সুপারস্টার আল্লু অর্জুনের নতুন ছবি পুষ্প। অ্যাকশন-থ্রিলার ছবিটি নিয়ে দক্ষিণী সিনেমাপ্রেমীদের আগ্রহের শেষ নেই। আল্লু অর্জুনের সঙ্গে পুষ্পতে দেখা যাবে ফাহাদকে। ফাহাদ ফাসিলের অভিনয় ভক্ত, সমালোচকদের কাছে প্রশংসিত। গতকাল পুষ্প ছবিতে ফাহাদের ফার্স্ট লুক প্রকাশিত হয়েছে। পোস্টারে তাকে দেখা গেছে টাক মাথার এক পুলিশ কর্মকর্তার চরিত্রে। পুলিশ স্টেশনে একটি টেবিলের ওপর দুহাত রেখে তাকিয়ে আছেন ফাহাদ।

এর আগে ফাহাদকে কখনো টাক মাথায় দেখা যায়নি। ছবিতে খলনায়কের ভূমিকায় দেখা যাবে তাকে। তার চরিত্রটি ভয়ানক এক পুলিশ কর্মকর্তা বানওয়ার সিংয়ের।

ভারতীয় গণমাধ্যমগুলোর বিবেচনায় পুষ্প দক্ষিণের চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে বছরের অন্যতম বড় আকর্ষণ। বড় বড় তারকার উপস্থিতি ছবিটিকে সবসময়ই অলোচনায় রাখছে। মালয়ালম ইন্ডাস্ট্রির অভিনেতা ফাহাদ ফাসিল এই প্রথম কোনো তেলেগু ছবিতে কাজ করছেন। একদিকে আল্লু অর্জুনের অ্যাকশন লুক, এবার তার বিপরীতে ফাহাদ ফাসিলের চরিত্রটি দর্শকদের কৌতূহল আরো বাড়াবে সন্দেহ নেই।

পুষ্প ছবিতে আল্লু অর্জুন অভিনয় করেছেন পুষ্পরাজের চরিত্রে। তাকে দেখা যাবে কুলি থেকে মূল্যবান চন্দন কাঠের চোরাকারবারি হয়ে উঠতে। ছবিটির পরিচালক ও গল্পকার সুকুমার। প্রধান নারী চরিত্রে দেখা যাবে রশ্মিকা মন্দনাকে। পুষ্প ছবিতে আরো অভিনয় করছেন প্রকাশ রাজ, জগপতি বাবু।

কেরালা ও অন্ধ্র প্রদেশের অনেক স্পটে চলছে ছবির শুটিং। পুষ্প হবে দুই পর্বের ছবি। প্রথম পর্ব পুষ্প: দ্য রাইজ মুক্তি পাবে এ বছরের বড়দিনের উৎসবে। ছবিটি একই সঙ্গে তেলেগু, কন্নড়, হিন্দি, তামিল ও মালয়ালম ভাষায় মুক্তি পাবে।

 

সূত্র: পিংকভিলা