গতকাল ছিল বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস। বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত এ উপলক্ষে সোস্যাল মিডিয়ায় তার ছবি ‘জাজমেন্টাল হ্যায় কেয়া’
দেখার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে কঙ্গনা মানসিক স্বাস্থ্য ইস্যুতে দীপিকা পাড়ুকোনকেও এক হাত নিয়েছেন। কঙ্গনার অভিযোগ, ছবিটিকে পরোক্ষভাবে দীপিকা ফ্লপ করাতে চেয়েছেন। কঙ্গনার কথায় ‘যারা ডিপ্রেশনের দোকান চালায়’
তারা ছবিটিকে আদালত পর্যন্ত নিয়েছিল।
গতকাল পালিত হয়েছে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস। এ উপলক্ষে মানসিক অসুস্থতা নিয়ে সমাজে প্রচলিত কুসংস্কার বিষয়ে সচেতনতা বাড়াতে কথা বলেছেন কঙ্গনা। তার জাজমেন্টাল হ্যায় কেয়া ছবিটি নিয়ে কঙ্গনা টুইটারে লিখেছেন, ‘আমরা মানসিক স্বাস্থ্য নিয়ে সচেতনতামূলক যে ছবিটি বানিয়েছিলাম সেটিকে আদালত পর্যন্ত নেয়া হয়েছিল। আর সেটা করেছিল সেসব মানুষ, যারা ডিপ্রেশনের দোকান চালায়। মিডিয়ার নিষেধাজ্ঞার পর মুক্তির আগে ছবিটির নাম পরিবর্তন করতে হয়। এতে মার্কেটিংয়ের ক্ষেত্রে বেশ সমস্যা তৈরি করে। তার পরও এটা একটা ভালো ছবি, আজ সবাই ছবিটি দেখুন। #ওয়ার্ল্ড মেন্টাল হেলথ ডে’
কঙ্গনার ছবিটির নাম শুরুতে ছিল মেন্টাল হ্যায় কেয়া। মুক্তির আগে দীপিকা পাড়ুকোনের দ্য লাইভ লাভ লাফ ফাউন্ডেশন ছবিটির বিরুদ্ধে বেশকিছু টুইট করেছিল। একটি টুইটে তারা লিখেছিল, মানসিক সমস্যায় আক্রান্তদের স্টেরিওটাইপ করা শব্দটি (মেন্টাল) ব্যবহার বন্ধ করার এটাই উপযুক্ত সময়। ভারতে লাখ লাখ মানুষ মানসিক সমস্যায় ভুগছে। তারা এমনিতেই নানা রকম সামাজিক নিগ্রহের শিকার। তাই তাদের ব্যাপারে দায়িত্বশীল ও সংবেদনশীল আচরণ করা খুব গুরুত্বপূর্ণ।
ইন্ডিয়ান সাইকিয়াট্রিক সোসাইটি সিবিএঅফসির চেয়ারপারসন প্রসূন জোশির কাছে মেন্টাল হ্যায় কেয়া ছবিতে মানসিক অসুস্থতাকে কীভাবে উপস্থাপন করা হয়েছে সে বিষয়ে জানাতে চাওয়া হয়। গুজরাট হাইকোর্ট ভারতের সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেটকে জানায় ছবিটি মুক্তি দেয়ার আগে ইন্ডিয়ান সাইকিয়াট্রিক সোসাইটির উত্থাপিত অভিযোগকে বিবেচনা করে দেখতে।
মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞদের সমালোচনা, মিডিয়ার নিষেধাজ্ঞার মুখে কঙ্গনার ছবির নাম মেন্টাল হ্যায় কেয়া থেকে পরিবর্তন করে রাখা হয় জাজমেন্টাল হ্যায় কেয়া।
কঙ্গনা এর আগেও দীপিকার জন্য ‘ডিপ্রেশনের দোকান’
ও ‘ডিপ্রেশনের ধান্দা’
শব্দবন্ধ ব্যবহার করেছেন।
সুশান্ত সিং রাজপুতের রহস্যময় মৃত্যু বা আত্মহত্যার পর মানসিক স্বাস্থ্য নিয়ে ভারতে বেশ শোরগোল হয়েছিল। সে সময় ডিপ্রেশনের বিরুদ্ধে দীপিকা কথা বললে তাকে পাল্টা আক্রমণ করেন কঙ্গনা, ‘আমার সঙ্গে বলুন, ডিপ্রেশনের ব্যবসা চালানোদের জনগণ তাদের যোগ্যতা দেখিয়ে দেবে।’
সূত্র: ডিএনএ










