উত্তর জার্মানির ক্ষুদ্র একটি গ্রাম ওয়্যাকেন। ১৯৯০ সালের পর থেকে ওয়্যাকেনের পরিচিতি ছড়িয়ে পড়েছে বিশ্বব্যাপী। প্রতি বছর আগস্টের প্রথম সপ্তাহে রক ও মেটালহেডরা অধীর অপেক্ষায় থাকেন ওয়্যাকেন ওপেন এয়ার কনসার্টের জন্য। এরই মধ্যে আগামী বছরের ওয়্যাকেন এয়ার শোয়ের টিকিট মাত্র ৬ ঘণ্টায় বিক্রি হয়ে গিয়েছে।

টানা দুই বছর মহামারীর প্রাদুর্ভাবের কারণে স্থগিত থাকার পর, এ বছর আসর বসে ওয়্যাকেন ওপেন এয়ার শো ২০২২-এর। এ উপলক্ষে গ্রামটিতে জড় হয় ৮৫ হাজার রকপ্রেমীর ঝাঁক। তিন দিনব্যাপী কনসার্টটিতে ২০০টিরও বেশি ব্যান্ড মঞ্চে পারফর্ম করেছে। অনুষ্ঠানের হেডলাইনার ব্যান্ড ছিল স্লিপনট। এছাড়া এবারের ওয়্যাকেন এয়ার শোয়ে অংশগ্রহণ করে জুডাস প্রিস্ট, আর্চ এনেমি, পাওয়ারউল্ফসহ বহু শ্রোতাপ্রিয় ব্যান্ড।

১৯৯০ সালে প্রথমবারের মতো জার্মানির গ্রামটিতে শুরু হয় ওয়্যাকেন এয়ার শো। সে সময় দর্শক ছিল মাত্র ৮০০ জন। ৩২ বছর পর ওয়্যাকেন ২০২২ এয়ার শোয়ের দর্শক সংখ্যা হয় তার ১০ গুণেরও বেশি।

ওয়্যাকেন এয়ার শো ২০২৩ আসরে হেডলাইনার ব্যান্ড হিসেবে নিশ্চিত হয়েছে আইরন মেইডেনের নাম। ব্রিটিশ ব্যান্ডটিকে হেভি মেটাল সংগীতের পথিকৃৎ বলা হয়। হেডলাইনার হিসেবে নাম রয়েছে মার্কিন হেভি মেটাল ব্যান্ড মেগাডেথেরও। এক বিবৃতিতে আয়োজকরা জানান, ‘মেটালহেডরা! আমরা বিশ্বাস করতে পারছি না কী হয়েছে। মাত্র ৬ ঘণ্টার ব্যবধানে ওয়্যাকেন ওপেন এয়ার ২০২৩-এর সব টিকিট বিক্রি শেষ হয়ে গিয়েছে। আপনাদের সমর্থন ও ভরসার জন্য ধন্যবাদ।’