দীপ্ত টিভিতে আজ শুরু হচ্ছে ধারাবাহিক নাটক ‘মধ্যবর্তিনী সিজন-২’। প্রথম সিজন ‘মধ্যবর্তিনী’
থেকে পাঁচ বছর পরের গল্প নিয়ে তৈরি হয়েছে ধারাবাহিকটির দ্বিতীয় পর্ব। আজ থেকে প্রতিদিন রাত সাড়ে ৮টায় নাটকটি প্রচার হবে।
‘মধ্যবর্তিনী সিজন-২’-এর গল্পে দেখা যাবে ইমরান (আনিসুল হক মিলন) আর শাম্মীর (সোহানা সাবা) রুটিন বাঁধা যৌথ সংসারকে খামখেয়ালি আর হুল্লোড় দিয়ে ভরিয়ে রেখেছে রবিন। ইমরানের ফুফাতো ভাই। রবিনের মা চান রবিনের একটা বিয়ে দিয়ে ইমরান-শাম্মীর শূন্য দোলনাটা ভরিয়ে তুলবেন। রবিনের সন্তানই হবে ইমরান-শাম্মীর সন্তান। কিন্তু এসব কিছু ঘটার আগেই ইমরান মুখোমুখি হয় অদ্ভুত এক ঘটনার। ঠিক পাঁচ বছর আগে যাকে নিজ হাতে কবর দিয়েছিল ইমরান, সেই মৌ এসে দাঁড়িয়েছে তার সামনে। যাকে সবাই ডাকছে ‘মায়া’
নামে। কে এই মেয়ে? সে কী সত্যি মরে যাওয়া মৌ.. নাকি
কেবলই ইমরানের নতুন কোনো মায়া?
নাটকটির চিত্রনাট্য ও সংলাপ তৈরি করেছেন আহমেদ খান হীরক, সহসংলাপ সাগর শরিফুজ্জামান। রাজু খান পরিচালিত এ ধারাবাহিকে অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন, সোহানা সাবা, শারমিন আঁখি, সাবেরী আলমসহ আরো অনেকে।










